তরুণ প্রজন্মকে জনকল্যাণের জন্য বিজ্ঞানচর্চা করতে হবে। আজকের খুদে বিজ্ঞানীরাই হবে ভবিষ্যতের নিউটন, আইনস্টাইন বা জগদীশচন্দ্র বসু। জাতীয় বিজ্ঞান মেলার শেষ দিনে বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল শনিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম আলো-ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বিজ্ঞান মেলা-২০১২’। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আসাদুজ্জামান বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক কাঠামো দৃঢ় করে তোলে।’বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘উদ্ভাবনী তরুণসমাজ গড়তেই এই আয়োজন। প্রথম আলো নিয়মিত এ ধরনের আয়োজন করে যাবে।’ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম ভূঁইয়া।ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব আয়োজিত এ মেলায় দেশের ৭০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ মেলায় গণিত অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, অ্যাস্ট্রো-ফিজিকস অলিম্পিয়াড, সুডোকু, বিজ্ঞানভিত্তিক উপস্থিতি বক্তৃতা, কুইজ, বিজ্ঞান প্রকল্প, স্ক্র্যাপ বুক ও দেয়ালপত্রিকা প্রদর্শনীসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে বিজয়ী হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে প্রথম আলো ও রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। উপস্থিত বক্তৃতায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মিরাজুল ইসলাম প্রথম, সেন্ট যোসেফ স্কুলের শাইয়ান সাদিক দ্বিতীয় এবং ভিকারুননিসা নূন স্কুলের শাইরা বিনতে সারোয়ার তৃতীয় স্থান অধিকার করেছে। বিজ্ঞান প্রকল্প পরিবেশভিত্তিক শাখায় প্রথম হয়েছে নটর ডেম কলেজের সাদ আহমেদ ও ফারহানুল হুদা, দ্বিতীয় হলিক্রস কলেজের জয়িতা বড়ুয়া, রাফিয়া সুলতানা ও নাফিসা হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেছে নটর ডেম কলেজের তৌকি তাহামিল, তৌহিদুল ইসলাম ও মহিদুজ্জামান। সুডোকু প্রতিযোগিতায় প্রথম হয়েছে নটর ডেমের মুনিফ মুহতাসিম, দ্বিতীয় হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের রিদওয়ানুর রহমান এবং তৃতীয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ফয়সাল আহমেদ। অতিথিরা ছাত্রছাত্রীদের উপস্থাপিত বিজ্ঞান প্রকল্পগুলো ঘুরে দেখেন। মঞ্চে লেজার লাইটের আলোয় উপস্থিত হন শিক্ষার্থীদের কল্পনায় থাকা বিজ্ঞানী নিউটন, আইনস্টাইন, জগদীশচন্দ্র বসু, এমনকি লেওনার্দো দা ভিঞ্চি। লেজার লাইটের আলোয় তৈরি ওই ব্যক্তিত্বরা নিজেদের সেরা প্রমাণ করতে বিতর্কে মেতে ওঠেন।