‘বেজে ওঠো ফড়িঙের রঙে দোয়েলের জীবনে...দুর্জয় তারুণ্যে দুর্নীতি প্রতিরোধে’—এ স্লোগানে তিন দিনব্যাপী প্রথম আলো-টিআইবি তারুণ্য উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল ছিল উৎসবের শেষ দিন। সমাপনী দিনে তারুণ্য উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সচেতন নাগরিক কমিটির সদস্য বেগম মুসতারি সাফি ও টিআইবির নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে আবু ওসমান বলেন, মুক্তিযুদ্ধে তরুণেরাই বড় ভূমিকা পালন করেছে। তাই এখন বর্তমান সমাজের সব সমস্যা দূর করে কল্যাণের পথে এগিয়ে আসতে হবে তরুণদেরই। মঞ্চে উঠে তারুণ্যের জয়গান গাইলেন আবুল মোমেন। তিনি বললেন, তারুণ্যই হচ্ছে একজন মানুষের জীবন। যেখানে জীবনের উচ্ছ্বাস হওয়ার কথা, সেখানেই তারুণ্য। তারুণ্যই পারে সব লোভ-লালসা ত্যাগ করে বীরত্বগাথা তৈরি করতে।এর আগে সমাপনী দিনে সকালে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হয় তারেক মাসুদের রানওয়ে চলচ্চিত্রটি। দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনকে নিয়ে চুয়েটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় গোলটেবিল বৈঠক। এতে প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন টিআইবির নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জামান।চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় চুয়েট স্বরবর্ণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুডো। তবে শ্রেষ্ঠত্বের তকমা জিতে নয় জুডো। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকেরা হলেন জাফর সাদিক, ইজাজুর রহমান ও জাকারিয়া পলাশ। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চুয়েট স্বরবর্ণ দলের তন্ময় চৌধুরী।বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়। সন্ধ্যায় চুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশন্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।