বিতর্ক উত্সবের চূড়ান্ত প্রতিযোগিতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের উদ্বোধন ঘোষণা করেন কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। ছবি: ইউসুফ সা’দ
পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের উদ্বোধন ঘোষণা করেন কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। ছবি: ইউসুফ সা’দ

‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৩১টি অঞ্চলের ৩২টি বিদ্যালয়ের বিতার্কিকেরা।
আজ শুক্রবার সকাল নয়টার কয়েক মিনিট পর রাজধানীর কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও বিতর্ক উত্সবের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
বিতার্কিকদের উদ্দেশে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। বেলুন উড়িয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
উদ্বোধনী বক্তব্যে মো. মোস্তফা কামাল বলেন, ‘সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে উদ্দীপ্ত করবে বিতর্ক প্রতিযোগিতা।’

পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের চূড়ান্ত প্রতিযোগিতা চলছে। ছবি: ইউসুফ সা’দ
পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের চূড়ান্ত প্রতিযোগিতা চলছে। ছবি: ইউসুফ সা’দ


এর আগে ঢাকা অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থাকার অভিজ্ঞতা বর্ণনা করে মো. মোস্তফা কামাল বলেন, ‘নতুন প্রজন্মের এই বিতার্কিকেরা যেসব যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, তা আমাদের মতো প্রবীণদের পক্ষে সম্ভব নয়।’
আনিসুল হক বলেন, ‘বিতর্কে জয়লাভ করা ভালো। জয়ী হয়ে তা উদযাপন করা আরও ভালো। তবে সবচেয়ে ভালো হচ্ছে পরাজয় মেনে নিতে পারা। পরাজয় মেনে নিতে পারার মধ্য দিয়ে যুক্তির মুক্তি ঘটে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিদ্যালয়ের আটটি কক্ষে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। প্রথম বিতর্কের বিষয় ছিল ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে’। নক-আউট পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতার প্রাক-চূড়ান্ত (সেমিফাইনাল) পর্বের বিষয় হচ্ছে, ‘যে স্কুলে মাঠ নেই, সেটা ভালো স্কুল নয়’, ‘প্রচলিত শিক্ষাব্যবস্থার কারণেই শিক্ষার্থীরা কোচিং-নির্ভর হচ্ছে’ এবং ‘ইন্টারনেট ব্যবহারের কারণে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে’। চূড়ান্ত পর্বের (ফাইনাল) বিষয় হচ্ছে ‘নেতা নয়, ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’। এ ছাড়া ‘যেভাবে আমি স্বপ্ন পূরণ করতে চাই’ শীর্ষক বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও রয়েছে।

উল্লেখ্য, ‘পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সব ২০১৩’ শিরোনামে এই প্রতিযোগিতা গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। দেশের ৩১টি আঞ্চলিক উত্সবের বিজয়ী ৩২টি দল নিয়ে ঢাকায় দিনব্যাপী জাতীয় বিতর্ক উত্সব শুরু হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের দুটি দল রয়েছে।

বিতর্ক প্রতিযোগিতার পদ্ধতি হবে ধ্রুপদি (সনাতনী) পদ্ধতির। বিতর্কটি মোট দুই ভাগে পরিচালিত হচ্ছে। প্রথম ভাগে থাকছে গঠনমূলক পর্ব এবং দ্বিতীয় ভাগে থাকছে যুক্তি খণ্ডন পর্ব। আজ বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে হবে সমাপনী অনুষ্ঠান।