বিতর্ক উৎসব নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে সাভারে স্কুলপর্যায়ে বিতর্ক উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সাভারে প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এতে অংশ নেন। ২৯ এপ্রিল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে।
সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বিতর্কের বিষয় ও মান নিয়ে আলোচনা হয়। এ সময় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিতর্ক নিয়ে তাঁদের মতামত উপস্থপন করেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষক জুলিয়া নাজনীন বলেন, সাভারে এর আগে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। প্রথম আলো এ উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক নিয়ে আগ্রহ সৃষ্টি হবে।
হলি ক্রিসেন্ট স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা কথা বলতে পারবে। এতে তাঁদের জ্ঞানের বিকাশ ঘটবে।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বিতর্কের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহামুদ ও বিতার্কিক কৌশিক সুর। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সাভারের ১৩টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রতিনিধি ছাড়াও সাভার বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।