বিতর্ক উৎসব হবে পুরান ঢাকার স্কুলগুলোতে
পুরান ঢাকার স্কুলগুলোতে বিতর্ক উৎসবের আয়োজন করবে প্রথম আলো। আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গতকাল সোমবার ২০টি স্কুলের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে প্রথম আলো কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষকেরা বিতর্কের বিষয়গুলোর মধ্য দিয়ে যেন সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয় এবং সমসাময়িক বিষয়গুলো প্রাধান্য পায়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন।
১৩ জুলাই বিভিন্ন স্কুলের মডারেটরদের বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৭ থেকে ৩০ আগস্টের মধ্যে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিতর্কবিষয়ক প্রথম পর্বের প্রশিক্ষণ দেওয়া হবে। ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে স্কুলগুলোকে আটটি দলে ভাগ করে দেওয়া হবে দ্বিতীয় পর্বের বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালে স্কুলগুলোতে বিতর্ক ক্লাব তৈরি করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন শেষে ২১ ও ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিতর্ক উৎসব।
মতবিনিময় সভায় পুরান ঢাকার ২৩টি স্কুলের প্রধান শিক্ষক বা তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে লুৎফুন্নেসা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও কলেজের এস এম আমান উর-রশিদ, নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের নাফিসা খাতুন ও এম এ সাঈদ, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের আফরোজা নাজনীন, বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ের জিন্নাত-উস-সালেহা, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের মোছা. সাহিনা আখতার, নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের রেবেকা সুলতানা, সেন্ট গ্রেগরীজ হাইস্কুলের পতিতপাবন মণ্ডল, রায়হান স্কুল অ্যান্ড কলেজের রহিমা আফরোজ, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের মোস্তফা কামাল, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের মো. শফিকুর রহমান, কে এল জুবিলী স্কুল ও কলেজের গোলাম কুদ্দুছ খান, ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ লোকমান হোসেন, নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের আজাহার উদ্দিন আহমেদ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলের মায়া রোজারিও, মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের খাদেজা বেগম ও পার্থপ্রতিম দাস, পোগোজ স্কুলের সৈয়দ জুলফিকার খানম, গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের মো. মতিউর রহমান, বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের সুলতানা জাহান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মুশাররাত নাঈমা এবং রহমতউল্লাহ মডেল হাইস্কুলের মো. শামসুল আলা। সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিচার সম্পাদক সুমনা শারমীন, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, প্রথম আলো ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশনের প্রধান অরূপ কুমার ঘোষ এবং জাবেদ সুলতান পিয়াস, বিতর্ক উৎসবের সমন্বয়কারী সুবর্ণ বড়ুয়া, শাকিল মাহবুব, অনিক সাহা প্রমুখ।