বিতর্ক উৎসবে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়
শুরুতে উপস্থাপকের প্রশ্ন ছিল, ‘বিতর্ক প্রতিযোগিতা বলতে আমরা কী বুঝি?’ রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা এক হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথমেই হাত তুলল দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অয়ন্তিকা রিন্তি বোস। ‘একটি বিষয় নিয়ে দুই দল শিক্ষার্থীর বুদ্ধিদীপ্ত যুক্তিতর্কের সাজানো-গোছানো লড়াই, যেখানে কোনো বাহুল্য বা অপ্রাসঙ্গিক কথা নেই। কাউকেও আক্রমণ করে কথা বলা নয়—এটাই বিতর্ক।’ অয়ন্তিকার সঠিক উত্তরে তুমুল করতালি পড়ে। গত শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রথম রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব। স্কুলটির ডিবেটিং ক্লাব ও ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন যৌথভাবে উৎসবের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক ও সাংবাদিক আনিছুল হক বলেন, ‘এই দেশ ও দেশের মানুষ তাকিয়ে আছে তোমাদের দিকে। নিজেরা আলোকিত হলে দেশকে আলোকিত করতে পারবে।’ বিকেলে দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।