‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তর্কবাগীশ ডিবেটিং সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক (ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার) ও ওয়াটার এইড। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভুঞাগাঁতী বালিকা উচ্চবিদ্যালয় দল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি