রাজশাহী কলেজে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় বির্তক প্রতিযোগিতা। রাজশাহী কলেজের মিরর ইংলিশ ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রতিযোগিতায় ২৪টি দলের প্রায় ২০০ জন বিতার্কিক অংশগ্রহণ করছেন। সিটি ফুড, রূপালী ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে আছে প্রথম আলো। গতকাল সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ডাবলু সরকার ও মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। এতে বক্তব্য দেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরী, রাজশাহী কলেজ সাংস্কৃতিক কমিটির সভাপতি পিযূষ কান্তি ফৌজদার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাম্য সাথী ভৌমিক। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম। প্রতিযোগিতায় চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, নাটোর, কুমিল্লা, ঢাকা, নওগাঁ, বরগুনা ও রাজশাহীর বিভিন্ন সরকারি কলেজের ২৪টি দল অংশগ্রহণ করছে। আজ শনিবার দুপুর ১২টায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।