বিতর্ক মানুষকে সহিষ্ণু করে
বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি চর্চার মাধ্যমে বিতার্কিকেরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। এতে মানুষ সহিষ্ণু হয়। বিতর্ক একটি শিল্প। এর মাধ্যমে অনেক কিছু উঠে আসে।
আজ শনিবার বিকেলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘গণমাধ্যমে শিশু: ধারণা ও নীতি-নৈতিকতা’ শীর্ষক এই প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ।
জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে রানার্সআপ হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে রানার্সআপ হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। বিতর্কের আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামের দৃষ্টি এবং রানার্স আপ হয় সিলেট ডিবেট ফেডারেশন।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন। তাদের সহযোগিতা করে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এবং জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
অনুষ্ঠানের বিশেষজ্ঞ বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গণমাধ্যমকর্মী ও পাঠকদের জন্য সংবাদ সাক্ষরতা প্রয়োজন। এর মধ্য দিয়ে গণমাধ্যমের জবাবদিহি ও নীতি-নৈতিকতার পরিবেশ বজায় থাকবে।’
প্রধান অতিথির বক্তব্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বিতর্ক একটি শিল্প। বিতর্কের মাধ্যমে শিশুদের সুযোগ-সুবিধার কথা উঠে আসবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম শিশু অধিদপ্তরের প্রয়োজনীয়তার কথা সংবাদপত্রে তুলে ধরা প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে শিশুদের বিষয়ে আরও সচেতন হতে সরকারকে সহযোগিতা করেছেন।
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আবদুন নূর তুষার বলেন, যুক্তির মাধ্যমে মানুষকে বদলানোই বাংলাদেশ ডিবেট ফেডারেশনের কাজ। বিতর্কের মধ্য দিয়ে তরুণেরা নিজেদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের গণমাধ্যম শিশুবান্ধব নয়’ শীর্ষক ছায়া বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে পক্ষে বলেন, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, আব্দুন নূর তুষার ও হাসান মাহমুদ বিপ্লব। বিপক্ষে অংশ নেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত এবং একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সদস্য অধ্যাপক আখতার হোসেন, বিশেষ অতিথি ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার এবং তথ্যসচিব মরতুজা আহমেদ।