বিতর্ক যুক্তিবাদী হতে শেখায়
বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। তাই যুক্তি দিয়ে বুঝতে হবে। যুক্তি দিয়ে রাজনীতিচর্চা করতে হবে। সহিংসতা ও নাশকতা পরিহার করে জাতিকে যুক্তি দিয়ে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
বরিশালের বিতর্কের অন্যতম সংগঠন বরিশাল ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় নগরের পাবলিক স্কয়ারে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় প্রদর্শনী বিতর্ক।
বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সাংসদ তালুকদার মো. ইউনুস এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।
বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি এ এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, চারুশিল্পী মাহমুদ চৌধুরী, অভিষেক রবীন, বিডিএসের উপদেষ্টা দীপু হাফিজুর রহমান, ফিরোজ মোস্তাফা প্রমুখ।
অনুষ্ঠানে সাংসদ ইউনুস বলেন, ‘সহিংসতা, নাশকতা পরিহার করে সুস্থধারার রাজনীতি করতে খুদে আঁকিয়ে এবং বিতার্কিকরা ভূমিকা রাখতে পারবে।’
প্রদর্শনী ছায়া সংসদ বিতর্কের বিষয় ছিল ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত’ সরকারি দল ও বিরোধী দলের আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
বরিশালের কৃতী সন্তান একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করার জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।