বিতর্ক করলে নিজেকে চেনা যায়। বিতর্ক শিক্ষারই একটি অংশ। যুক্তিতর্ক মানুষের তৃতীয় চোখ খুলে দেয়। আলোকিত মানুষ গড়তেও বিতর্ক সহায়তা করে। গতকাল শনিবার বগুড়া, জয়পুরহাট ও মানিকগঞ্জে বিতর্ক উৎসবে বক্তারা এসব কথা বলেন।
‘যুক্তিতে মুক্তি’—প্রতিপাদ্য নিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৩। অঞ্চল পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।

বগুড়া: সকাল সাড়ে নয়টায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস। সমাপনী পর্বেও তিনি অতিথি ছিলেন। এ পর্বে তিনি বলেন, এই অঞ্চলের বিদ্যালয়গুলোর খুদে বিতার্কিকেরা যে বুদ্ধিদীপ্ত যুক্তিতর্কের জমজমাট প্রতিযোগিতায় মেতেছিল, তা বর্তমানে দেশের প্রধান দুুটি রাজনৈতিক দলের মধ্যে চলমান বিতর্কের মতো দৃষ্টিকটু ছিল না। সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনি বলেন, যুক্তিতর্ক মানুষের তৃতীয় চোখ খুলে দেয়। সমাজকে বদলে দেয়। স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা দরকার। আরও বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতির বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষক ত্বাইফ মামুন ও বাংলাদেশ ডিবেটিং ফেডারেশনের পরিচালক তানজিদ হাসান।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে ধানঘড়া মডেল উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে চ্যাম্পিয়ন দলের মৌরি তানিয়া।
উৎসবে বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ১১টি বিদ্যালয় অংশ নেয়। এগুলো হলো: বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া আর্মড পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘড়া মডেল উচ্চবিদ্যালয়।

জয়পুরহাট: সকাল ১০টায় জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক। তিনি বলেন, বিতর্ক করলে নিজেকে চেনা যায়। বিতার্কিকদের প্রচুর পড়াশোনা করতে হয়। শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে জ্ঞান লাভ করা যায় না। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ খায়রুল আলম বলেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি ভালো ভালো বই পড়া শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যাপক হূদিতোষ কুমার চৌধুরী, ক্ষেতলাল এস এ কলেজের সহকারী অধ্যাপক সাধন কুমার সরকার, জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম।
বিতর্কের চূড়ান্ত পর্বে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বিতার্কিক হয়েছে বিজয়ী দলের জিনিয়া জান্নাত।
উৎসবে জয়পুরহাট ও নওগাঁ জেলার ১১টি বিদ্যালয় অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো: রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কেজি এবং উচ্চবিদ্যালয়, জয়পুরহাট বালিকা উচ্চবিদ্যালয়, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ, এম ইউ উচ্চবিদ্যালয়, কে.ডি সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ জিলা স্কুল, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ।
মানিকগঞ্জ: সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে উৎসব শুরু হয়। উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার রায়। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী হয় খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়। রানার্সআপ হয়েছে বাইমাইল কবি নজরুল উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিতার্কিক মো. তানভীর হোসেন।

পুরস্কার বিতরণ পর্বে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়। এ পর্বে অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘বিতর্ক শিক্ষারই একটা অংশ। শিক্ষার্থীরা যত বেশি বিতর্কচর্চা করার সুযোগ পাবে, তত বেশি যুক্তিশীল ও মেধাবী হয়ে উঠবে।’ অধ্যাপক ঊর্মিলা রায় বলেন, ‘ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে বিতর্কচর্চা পথ নির্দেশকের ভূমিকা পালন করবে।’ আরও বক্তব্য দেন সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুর রহমান, আফরোজ-রমজান বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আরশেদ আলী, আইনজীবী এম এ হাসান ও জয়নগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সবিতা সরকার।
উৎসবে মানিকগঞ্জের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো: মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়, আফরোজা-রমজান বালিকা উচ্চবিদ্যালয়, বরঙ্গাইল গোপাল চন্দ্র উচ্চবিদ্যালয়, বাইমাইল কবি নজরুল উচ্চবিদ্যালয়, সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, হুরুন নাহার উচ্চবিদ্যালয়, কুশেরচর ইসমাইল হোসেন উচ্চবিদ্যালয়, ধানকোড়ো গিরিশ চন্দ্র ইনস্টিটিউশন ও জয়নগর উচ্চবিদ্যালয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: মিলন রহমান ও অনোয়ার পারভেজ, বগুড়া; আসাদুল ইসলাম, জয়পুরহাট ও আব্দুল মোমিন, মানিকগঞ্জ।