
দেশকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গঠনমূলক বিতর্ক করলে সংকট নিরসন করা সম্ভব। গঠনমূলক বিতর্কের মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করতে চাই। গতকাল বুধবার শরীয়তপুরে বিতর্ক উৎসবে বক্তারা এসব কথা বলেন। গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।
শরীয়তপুরের পালং উচ্চবিদ্যালয়ে সকাল নয়টায় উৎসব শুরু হয়। উদ্বোধন করেন শরীয়তপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম সুলতান। তিনি বলেন, জীবনকে সুশৃঙ্খল করতে নিজের সঙ্গে বিতর্ক করেই সিদ্ধান্ত নিতে হবে। জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই বিতর্ক করতে পারলে সুফল পাওয়া যায়। দেশকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গঠনমূলক বিতর্ক করলে সংকট নিরসন করা সম্ভব। আরও বক্তব্য দেন শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রদ্যুৎ কুমার দাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক নাজমুল হুদা, শরীয়তপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক রোমেনা আফরোজ, পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
উৎসবে জেলার ১০টি বিদ্যালয় অংশ নেয়। সেগুলো হলো পালং উচ্চবিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়, নড়িয়া বিহারিলাল উচ্চবিদ্যালয়, ভেদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়, সিড্যা উচ্চবিদ্যালয়, জাজিরা মোহর আলী উচ্চবিদ্যালয়, আংগারিয়া উচ্চবিদ্যালয়, বুড়িরহাট উচ্চবিদ্যালয় ও চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়।
শরীয়তপুর সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ডামুড্যা উপজেলার সিড্যা উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। সিড্যা উচ্চবিদ্যালয়ের বিতার্কিক ফারজানা তরি সেরা বিতার্কিক নির্বাচিত হয়। শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিনা নাজিয়া বলে, ‘গঠনমূলক বিতর্কের মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করতে চাই।’ সিড্যা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা তরি বলে, ‘অজপাড়াগাঁয়ের একটি বিদ্যালয় থেকে প্রথম আলোর ডাকে বিতর্ক উৎসবে অংশ নিয়েছি। এভাবে বিতর্ক করেই জীবনের সব সংকট আমরা দূর করতে পারব।’
বিতর্ক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন প্রদ্যুৎ কুমার দাস, নাজমুল হুদা, উত্তম কুমার ঘোষ, দিলীপ কুমার বাড়ৈ, শারমিন নাহার তনু, জি এম নাহিদ, রোমেনা আফরোজ, দীপ্তি ঘোষ, মিজানুর রহমান চৌধুরী, রীনা বালা ও পলাশ চন্দ্র লোধরায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ু্লসভার সভাপতি রতন কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুজ দত্ত।