বিতর্কচর্চা যোগ্য মানুষ গড়ার অন্যতম হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কচর্চা নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম হাতিয়ার। আর যোগ্য মানুষেরা বর্তমান অস্থিতিশীল পৃথিবী বদলে দিতে পারেন।স্যান্ডালিনা-প্রথম আলো বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এ কথা বলেন। ‘যুক্তির আলোয় পরাভূত হোক অস্থিতিশীল রাজনীতি, স্বার্থ ভুলে সাম্য আসুক কেন্দ্রীভূত অর্থনীতি’ শিরোনামে এ প্রতিযোগিতা গতকাল বুধবার শুরু হয়েছে। সপ্তম শিশু, ১৭তম আন্তস্কুল, সপ্তম আন্তকলেজ এবং ১৫তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব।প্রতিযোগিতায় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন বলেন, বর্তমানে অস্থির ও দ্বান্দ্বিক সমাজ সৃষ্টি হওয়ায় মধ্যবিত্ত সমাজ বিলুপ্তির পথে। মধ্যবিত্ত সমাজ ভেঙে শুধু উচ্চবিত্ত ও নিম্নবিত্ত—দুটি সমাজ গড়ে উঠছে। এ রকম সমাজ স্থিতিশীল হতে পারে না।অনুষ্ঠানে সাংবাদিক-সাহিত্যিক আনিসুল হক বিতার্কিকদের উদ্দেশে বলেন, শুধু ভালো ছাত্র হওয়া বা ভালো ফল করা ছাত্রজীবনের মূল লক্ষ্য হতে পারে না।সভাপতির বক্তব্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, আজকের ছাত্ররা যুক্তিতর্কের মাধ্যমে অসত্য-অসুন্দরকে পরাভূত করে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করবে। এ প্রতিযোগিতার মাধ্যমে বিতার্কিক ছাত্ররা সুন্দর পথের পথিক হয়ে জাতির মুক্তির জন্য কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের সঞ্চালক শবনব সিলভিয়া খান বলেন, বর্তমান পৃথিবী অস্থির সময় অতিক্রম করছে। সাম্প্রতিক সময়ের অস্থিতিশীল রাজনীতি এবং কেন্দ্রীভূত অর্থনীতি পৃথিবীকে সংকটময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোহিনূর কেমিক্যালস বাংলাদেশ লিমিটেডের নির্বাহী সহসভাপতি জাফর আহমেদ।