বিতর্কচর্চায় আত্মবিশ্বাস বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে গতকাল টাঙ্গাইল অঞ্চলের বিতর্ক উত্সবের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা ষ ছবি: প্রথম আলো
অতিথিদের সঙ্গে গতকাল টাঙ্গাইল অঞ্চলের বিতর্ক উত্সবের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা ষ ছবি: প্রথম আলো

বিতর্কচর্চা মানুষকে যুক্তিনির্ভর করে। এতে আত্মবিশ্বাস বাড়ে। যুক্তি দিয়ে কোনো কথা উপস্থাপন করলে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। তাই যুক্তিনির্ভর শুভ বিবেকসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে বিতর্কচর্চা বাড়াতে হবে। গতকাল শনিবার টাঙ্গাইল অঞ্চলে পেপসোডেন্ট-প্রথম আলো বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেন।
যুক্তিতে মুক্তি—এই প্রতিপাদ্য নিয়ে গত ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব ২০১৩। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় উৎসব শুরু হয়। উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিজুয়ান। তিনি বলেন, বিতর্ক মানেই যুক্তির প্রতিষ্ঠা। বিতর্কচর্চার মধ্য দিয়েই শিক্ষার্থীরা যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হুদা বলেন, যুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে বিতর্কচর্চার বিকল্প নেই।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রানার্সআপ ঘাটাইল গণপাইলট উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে সৃষ্টি একাডেমিক স্কুলের দীপ্ত মোহন দাস। পুরস্কার বিতরণ পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের মেডেল ও ট্রফি দেওয়া হয়। উৎসব চলাকালে বিভিন্ন পর্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ উমর ফারুক, উৎপল কুমার প্রধান, আহসান হাবিব, আবদুল্লাহ আল ইমরান, আবদুল কাদের মিয়া, রোকসানা সিদ্দিকা, সরকারি সা’দত কলেজের শিক্ষক সোলায়মান হোসেন, কুশল ভৌমিক, জিল্লুর রহমান, আবু সাঈদ, সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ঘাটাইল গণপাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বিতার্কিক মাহাবুবা জান্নাত বলে, ‘বিতর্ক মানে ঝগড়া-ফ্যাসাদ নয়, যুক্তির প্রতিষ্ঠা। তাই বিতর্কের এই উৎসবে এসে খুব ভালো লাগছে।’ সেরা বিতার্কিক সৃষ্টি একাডেমিক স্কুলের দীপ্ত মোহন দাস বলে, ‘এ ধরনের উৎসব হলে আমাদের মতো শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা বাড়বে।’

উৎসবে টাঙ্গাইল জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো: বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল, বিবেকানন্দ উচ্চবিদ্যালয়, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, শিবনাথ উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল গার্লস স্কুল, টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ, জেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় ও ঘাটাইল গণপাইলট উচ্চবিদ্যালয়।

l ঘোষণা: ভৈরব, জয়পুরহাট এবং বগুড়ায় বিতর্ক উৎসব স্থগিত করা হয়েছে। পত্রিকার মাধ্যমে পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে