বিতর্কচর্চার মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি সম্ভব: জামিলুর রেজা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা  প্রথম আলো
স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রথম আলো

বিশিষ্ট শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী বলেছেন, নিয়মিত বিতর্কচর্চার মধ্য দিয়ে ভবিষ্যতে দেশে ভালো নেতৃত্ব তৈরি সম্ভব। শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি যারা নিয়মিত বিতর্কচর্চা, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়, তারা কর্মজীবনে সবচেয়ে সফল হয়।
স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। গতকাল রোববার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠান হয়।
জামিলুর রেজা চৌধুরী বলেন, কোনো একটি বিষয়ে যুক্তি তুলে ধরা এবং যুক্তি দিয়ে খণ্ডন করার নামই হচ্ছে বিতর্ক। বিতর্কচর্চার মাধ্যমে এ যোগ্যতা যাঁরা অর্জন করেছেন, তাঁরাই আজ সমাজের উঁচু সব পদে আসীন আছেন। ৫০ বছরের শিক্ষকতাজীবনে তিনি এটি দেখেছেন।
১৯৬০ সাল থেকে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে নির্বাচনের আগে বিতর্কের রেওয়াজ চালু হয়। কথিত আছে, বিতর্কে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন বলেই নিক্সনকে হারিয়ে কেনেডি অল্প বয়সে প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। সর্বশেষ মার্কিন নির্বাচনে বারাক ওবামার জয়ের পেছনেও এর ভূমিকা আছে বলে উল্লেখ করেন জামিলুর রেজা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়তে যুক্তির বিকল্প নেই। বিতর্কচর্চার মাধ্যমে এ যোগ্যতা অর্জন সম্ভব।
সংবাদ পরিবেশনের বাইরেও প্রথম আলো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছে উল্লেখ করে আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলো সব সময়ই বিতর্কচর্চার ওপর জোর দেয়। আগামী কয়েক মাসে প্রথম আলোর সহযোগিতায় চার-পাঁচ শ স্কুলে বিতর্ক প্রতিযোগিতা হবে।
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ বলেন, দেশে এখনো অর্থনৈতিক বৈষম্য বিরাজ করছে। সবার মৌলিক অধিকারও নিশ্চিত হয়নি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার অনেকগুলো পথ বের করবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম। বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করার জন্য তিনি প্রথম আলো ও কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের মডারেটর শবনম সিলভিয়া খান। ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন পারিসা মুশফিকা।
শিশু, আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তক্লাব—এ চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। আজ হবে শিশু বিতর্ক প্রতিযোগিতা। আগামী ৪ সেপ্টেম্বর প্রতিযোগিতা শেষ হবে। প্রায় সাড়ে চার শ প্রতিযোগী অংশ নিয়েছে এ প্রতিযোগিতায়।