‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে ঢাকার সাভারে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০১৭’। অধর চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ে এই উৎসবে অংশ নেয় সাভারের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান। উৎসবে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও সাবেক বিতার্কিক বিরূপাক্ষ পাল। আরও উপস্থিত ছিলেন অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, সহকারী প্রধান শিক্ষক ইসহাক আলী, বিদ্যালয়ের প্রাথমিক শাখার শাখাপ্রধান রোকেয়া হক এবং বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
বিরূপাক্ষ পাল বলেন, বিতর্কচর্চার মাধ্যমে অযৌক্তিকতা ও অসহিষ্ণুতাকে জয় করতে হবে।
উৎসবে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সাভার অধর চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়, শাহীন স্কুল অ্যান্ড কলেজ, অ্যাসেড স্কুল, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চবিদ্যালয়, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আল-হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রিসেন্ট স্কুল, আলহাজ¦জাফর ব্যাপারী উচ্চবিদ্যালয় এবং মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ।
বিতর্ক হয় সনাতন পদ্ধতিতে। প্রতিটি পর্বই অনুষ্ঠিত হয় নকআউট পদ্ধতিতে। বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দল বিজয়ী হয়। সেরা বিতার্কিক হয় অর্পা দে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজের নাবিলা ইসলাম।
শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক কাদের তালুকদারসহ অতিথিরা বিজয়ী দল, দলের সেরা বক্তা ও রানারআপ দলের বক্তাদের হাতে পদক তুলে দেন।