বিতর্কিত অনাপত্তিপত্রে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত অনাপত্তিপত্রের ভিত্তিতে নাটোর এন এস সরকারি কলেজের এইচএসসির পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্র নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজ থেকে সরিয়ে দিঘাপতিয়া এম কে কলেজে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পুনর্বহাল করার দাবি জানিয়েছেন ওই কলেজের পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
এন এস সরকারি কলেজ সূত্রে জানা যায়, ১৩ বছর ধরে কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা রানী ভবানী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে পরীক্ষাকেন্দ্র শহর থেকে ৩ কিলোমিটার দূরে দিঘাপতিয়া এম কে কলেজে স্থানান্তর করা হয়। ফলে কলেজের সহস্রাধিক পরীক্ষার্থী বিপদে পড়েছে। কলেজ কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্র সরানোর কারণ জানতে সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। এ সময় জানা যায়, এন এস কলেজের অধ্যক্ষের স্বাক্ষরযুক্ত ২৬ ডিসেম্বরের একটি অনাপত্তিপত্র বোর্ডে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষাকেন্দ্র ওই মহিলা কলেজ থেকে দিঘাপতিয়া এম কে কলেজে স্থানান্তরে এন এস কলেজের আপত্তি নেই মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু ওই তারিখে এন এস কলেজের তৎকালীন অধ্যক্ষ আবদুল কুদ্দুস মৃধা এ ধরনের অনাপত্তিপত্র পাঠাননি বলে জানান।
অধ্যক্ষ আবদুল কুদ্দুস মৃধা প্রথম আলোকে বলেন, ‘ওই অনাপত্তিপত্র জাল। কারণ, আমি স্বাক্ষর করে এ ধরনের অনাপত্তিপত্র বোর্ডে পাঠাইনি।’
বোর্ডে জাল অনাপত্তিপত্র দাখিল করে কেন্দ্র পরিবর্তনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বেলাল হোসেন নামের এক অভিভাবক। এ অভিযোগপত্র তিনি ডাকযোগে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছেন। অভিযোগপত্রে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে আগের মতো সরকারি মহিলা কলেজে রাখার আবেদন করা হয়েছে। বেলাল হোসেন পত্র পাঠানোর কথা স্বীকার করেছেন।
এন এস সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ শামসুজ্জামান বলেন, গত ২৬ ডিসেম্বর ৮৩৬ (২) / ১৬ স্মারক নম্বরে কেন্দ্র বদলের এমন কোনো চিঠি তাঁর কলেজ থেকে বোর্ডে পাঠানো হয়নি।
দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, সদর আসনের সাংসদের সুপারিশের ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। সেখানে এন এস সরকারি কলেজ অনাপত্তিপত্র পাঠিয়েছে কি না তা তাঁর জানা নাই। বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় তিনি ২ এপ্রিল তাঁর কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্র পরিবর্তনসংক্রান্ত কোনো অভিযোগ তাঁর কাছে পৌঁছেনি। স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।