বিতর্কিত ওসিকে নারায়ণগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত পুলিশ পরিদর্শক কামরুল আলম মোল্লাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে ওই থানার বর্তমান ওসি মঞ্জুর কাদের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থাকছেন না।পুলিশ জানায়, কামরুল আলম মোল্লা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসির দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১২ সালে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের কাছে একাধিক গোপন প্রতিবেদন পাঠানো হয়।ওই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়, কামরুল সিদ্ধিরগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকাকালে এলাকায় খুন, ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। ওই বছরের ২৪ আগস্ট তিনি সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। নভেম্বর মাসে তিনি প্রথম স্ত্রীকে সিদ্ধিরগঞ্জ থানার কোয়ার্টারে আটকে রেখে মারধর করেন।এসব অভিযোগে গত ১৫ জানুয়ারি কামরুলকে নারায়ণগঞ্জ জেলা থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। কিন্তু দুদিন পরই শারীরিক অসুস্থতার কথা বলে কামরুল অবৈধভাবে তৎকালীন পুলিশ সুপারের কাছ থেকে চার দিনের ছুটি নেন। এরপর কামরুলকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যোগ দেননি তিনি। পুলিশ সদর দপ্তর ৪ এপ্রিল সিআইডিতে বদলির আদেশ বাতিল করায় বর্তমানে কামরুলের কর্মস্থল নারায়ণগঞ্জ জেলা পুলিশে। জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক এক সাংসদের তদবিরে কামরুলকে নারায়ণগঞ্জে ফিরিয়ে এনে সদর মডেল থানার ওসির দায়িত্ব দেওয়া হচ্ছে।পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, ‘শিগগিরই কামরুলকে কোনো থানায় ওসির দায়িত্ব দেওয়া হবে।’