রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তেল চুরি ঠেকাতে এর তদারকির দায়িত্ব দিয়েছে একজন এমএলএসএসকে। কোনো কর্মকর্তাকে এই দায়িত্ব না দিয়ে ইতিপূর্বে চুরির অভিযোগে বরখাস্ত হওয়া একজন কর্মচারীকে দেওয়ায় হাসপাতালে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আলোচিত এই কর্মচারীর নাম বাসির উদ্দিন। চুরির দায়ে এর আগে তাঁর দুই বছরের জেল হয়েছিল। পরে উচ্চ আদালতে আপিল করে তিনি মামলা থেকে অব্যাহতি পান। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস ছবুর মিঞা হাসপাতালের এমএলএসএস বাসির উদ্দিনকে জেনারেটর ও লন্ড্রি বিভাগের বয়লারের প্রতিদিনের জ্বালানির জমা-খরচের হিসাব সংরক্ষণ এবং বিভিন্ন ওয়ার্ডসংলগ্ন পাম্পে পানি তোলার তদারকির দায়িত্ব দেন। একই সঙ্গে তাঁকে জ্বালানি খরচের হিসাব সংরক্ষণ এবং কর্তৃপক্ষকে যথাসময়ে তা অবগত করতে বলা হয়। দায়িত্ব পাওয়ার পরই বাসির উদ্দিন গত আগস্ট মাসে ৪০০ লিটার তেল চুরি হয়েছে বলে কর্তৃপক্ষকে জানান। এ নিয়ে হাসপাতালের পরিচালক (প্রশাসন) কাজী গোলাম ফারুকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১১ সেপ্টেম্বর কাজী গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, তদন্তকালে তাঁরা কাগজে-কলমে তেলের হিসাবে কোনো গরমিল পাননি। তিনি বলেন, তাঁরা ধারণা করছেন, তদারকির দায়িত্বে থাকা বাসির উদ্দিন ওই বিভাগে দায়িত্বরত কর্মচারীদের বেকায়দায় ফেলতে এই অভিযোগ তুলতে পারেন। কারণ, এর আগে চুরির অভিযোগে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ কারণে তাঁর ভেতরে ক্ষোভ রয়েছে। এদিকে হাসপাতালের জ্যেষ্ঠ ভান্ডার কর্মকর্তা মনসুর রহমান বলেন, আগস্ট মাসে সর্বসাকল্যে তেল সরবরাহ করা হয়েছে ২০০ লিটার। এর মধ্যে ৪০০ লিটার চুরির বিষয়টি তাঁর কাছে বোধগম্য নয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এমএলএসএস বাসির উদ্দিনকে ১৯৯২ সালের ১৮ অক্টোবর হাসপাতালের লন্ড্রির গুদাম থেকে কাপড় চুরির অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ক্ষতিপূরণ বাবদ ১৯৯৩ সালের ১৭ এপ্রিল তাঁকে দুই লাখ ৫৮ হাজার ১২৪ টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। অবশ্য পরে তিনি উচ্চ আদালতে আপিল করে মামলা থেকে অব্যাহতি পান। বাসির উদ্দিনকে এই তদারকির দায়িত্ব দেওয়ার ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) কাজী গোলাম ফারুক বলেন, এটা পরিচালকের একক সিদ্ধান্তে হয়েছে। তিনি স্বীকার করেন, এই দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়ার কথা। এ প্রসঙ্গে বাসির উদ্দিন বলেন, তিনি হাতেনাতে যা পেয়েছেন তার প্রতিবেদন দিয়েছেন; কাউকে ফাঁসানোর জন্য দেননি। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল মিথ্যা। এ জন্য জেল হওয়ার পরও উচ্চ আদালত থেকে তিনি খালাস পেয়েছেন। হাসপাতাল সূত্রগুলো জানায়, পরিচালক এবং বাসির উদ্দিনের বাড়ি একই এলাকায়। এ ব্যাপারে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও পরিচালক আবদুস ছবুর মিঞার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশ্য গতকাল বৃহস্পতিবারই হাসপাতালে তাঁর শেষ কর্মদিবস ছিল।