বিতর্কিত কাজ না করতে কর্মীদের নির্দেশ তোফায়েলের
বিতর্কিত কাজ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিতর্কিত কাজ করবেন না। সরকারের ভাবমূর্তি নষ্ট করবেন না। এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়।’
গতকাল বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, পাকিস্তান সামরিক জান্তারা তাঁকে হত্যা করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য বাঙালির হাতেই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান নিহত হয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন। জিয়াই প্রথমে রাজাকারদের পুনর্বাসন করেছেন। আর তাদের হাত ধরেই বিএনপি নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলী সদস্য আতাউর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ।