মন্ত্রী-প্রতিমন্ত্রীর উপস্থিতির প্রতিবাদে মানববন্ধন
বিতর্কিত জমিতে বাণিজ্যিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলীর বাইপাস সড়কের পাশে বিতর্কিত জমিতে গতকাল শনিবার একটি বহুতল বাণিজ্যিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পর্যটনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী। এ সময় জমির মালিকানা দাবিদারেরা অনুষ্ঠানস্থলের কাছে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা আবার সেখানে মানববন্ধন করেন। জমির মালিকানার অন্যতম দাবিদার কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার জানান, এই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাই সেখানে কোনো স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন না করার জন্য আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলামকে তাঁরা অনুরোধ জানিয়েছিলেন। এর পরও প্রতিমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনে আসেন। এর প্রতিবাদে সকালে তাঁরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে গেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে ১২ জন আহত হন। মানববন্ধনের চেষ্টাকারীদের সরিয়ে দেওয়ার পর সকাল ১০টার দিকে আইন প্রতিমন্ত্রী এনভিল প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রস্তাবিত ‘এনভিল স্প্ল্যাশ’ বাণিজিক ভবন প্রাঙ্গণে পৌঁছান। এর কিছুক্ষণ পর সেখানে আসেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। সকাল সোয়া ১০টার দিকে ভিত্তিফলক উন্মোচন করে ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এরপর তাঁরা ওই সড়ক দিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে যান। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশের লাঠিপেটার প্রতিবাদের দুপুর ১২টার দিকে বাইপাস সড়কে আবার মানববন্ধন করেন জমির দাবিদারেরা। জমির দাবিদার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল আলম এ সময় বলেন, প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি জমি এবং ৩০ কোটি টাকা মূল্যের বিরোধপূর্ণ জমিতে বাণিজ্যিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আইন প্রতিমন্ত্রী নিজেই আইন ভেঙেছেন। সেই সঙ্গে তিনি কৌশলে অন্যকে জমি দখল করিয়ে দিয়ে ন্যায়বিচার ব্যাহত করেছেন। এ জন্য শিগগির তাঁরা আদালতে মামলা করবেন।এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক দাবিদার শামসুল আলম, ঠিকাদার মনজুর আলম, মনছুর আলম, জাহানারা বেগম প্রমুখ। ঠিকাদার মনজুর আলম বলেন, তথ্য গোপন করে বিতর্কিত জমি দখলের উদ্দেশ্যে মন্ত্রীদের দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।এনভিল প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেইন সাংবাদিকদের বলেন, ‘ভিত্তিপ্রস্তর স্থাপন করে দুই মন্ত্রী কোনো অন্যায় করেননি।’তবে মানববন্ধনে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে জানান, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পাশে মন্ত্রীর যাতায়াতের রাস্তায় মানববন্ধন করা হচ্ছিল। তাই নিরাপত্তার স্বার্থে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে সরিয়ে দেওয়া হয়।