বিতর্কিত ব্যক্তিকে পুরস্কার?
নাটোরের গুরুদাসপুর উপজেলায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা রাখা এক ব্যক্তিকে স্থানীয়ভাবে স্বাধীনতা পুরস্কারের (শিক্ষাক্ষেত্রে মরণোত্তর) জন্য মনোনীত করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম আজিজুল হক ওরফে আজিজ মাস্টার। তিনি উপজেলার পাটপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি মারা গেছেন।
এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গতকাল রোববার আজিজুল হককে স্থানীয়ভাবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষুব্ধ হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত যুদ্ধের সময় কমান্ডার তোফাজ্জল হোসেন তালিকা থেকে আজিজুল হকের নাম বাদ দেওয়ার জন্য প্রতিবাদ জানালেও কাজ হয়নি।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অসুস্থতার জন্য তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাননি। তবে স্বাধীনতা দিবসের পুরস্কারের তালিকায় আজিজুল হকের নাম থাকায় তিনি বিস্মিত হয়েছেন। আজিজুল হক রাজাকার ছিলেন। সম্প্রতি মুক্তিযোদ্ধা হওয়ার জন্য তিনি আবেদনও করেছিলেন। বাছাই বোর্ডে ভর্ৎসনা করে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। অথচ তিনি উপজেলা আওয়ামী লীগের জে৵ষ্ঠ সহসভাপতির পদ দখল করে ছিলেন। স্বাধীনতা সম্মাননা তালিকায় এমন বিতর্কিত ব্যক্তির নাম রাখা ঠিক হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম সাংসদ আবদুল কুদ্দুসের পক্ষ থেকে স্বাধীনতা সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা করেন। এ সময় সাংসদ কুদ্দুস উপস্থিত ছিলেন না। ওই ঘটনার মৌখিকভাবে প্রতিবাদ জানিয়ে তাঁর সমর্থকদের নিয়ে তিনি (শাহনেওয়াজ) অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা সম্মাননা-২০১৭-এর তালিকা ঘোষণা করা হয়। এতে ২০ জন ব্যক্তির মধে৵ ৪ নম্বরে রয়েছেন আজিজুল হক।
এ ব্যাপারে জানতে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি। তবে সাংসদের পিএস ইব্রাহিম হোসেন বলেন, আজিজুল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এ জন্য শিক্ষাক্ষেত্রে অবদান থাকায় তাঁকে তালিকায় রাখা হয়েছে।
আজিজুল হকের ছেলে মোশাররফ হোসেন বলেন, তাঁর বাবার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা ঠিক নয়।