বিতর্কিত ব্যক্তিকে প্রধান অতিথি করায়...
মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনের দায়ে অভিযুক্ত বিএনপির সাংসদকে প্রধান অতিথি করায় মুক্তিযোদ্ধাদের বাধার মুখে বাতিল করতে হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব। গত শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলার তিলোচ গ্রামে ঘটনাটি ঘটেছে।জানা গেছে, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালের ৫ মার্চ। এর শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীরা গত শনিবার উত্সবের আয়োজন করেন। এতে প্রধান অতিথি করা হয় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাংসদ বন ও পরিবেশ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার খোকাকে।এদিকে মুক্তিযোদ্ধাদের দাবি, অনুষ্ঠানের প্রধান অতিথি একজন বিতর্কিত ব্যক্তি। সে কারণে তাঁরা ওই সাংসদের বিচার দাবি করে গত শুক্রবার তাঁর ছবিসংবলিত পোস্টার সাঁটানোর জন্য ওই গ্রামে পাঠিয়েছেন। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা করে আয়োজকেরা অনুষ্ঠান বাতিল করে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকদের প্রধান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস আলী।কোনো রাজনৈতিক নেতা ছাড়াই শিগগিরই উত্সব পালন করা হবে বলে জানান ইদ্রিস আলী। মুক্তিযোদ্ধা সংসদ আদমদীঘি উপজেলা কমান্ডের কমান্ডার মনছুর রহমান বলেন, যুদ্ধাপরাধী খোকা তালুকদার উপজেলার যেখানে, যে অনুষ্ঠানে থাকবেন, সেখানেই তাঁকে এভাবে প্রতিরোধ করা হবে। এটি জেলা কমান্ডের নির্দেশ।