বিতর্কিত ব্যবসায়ী মুসাকে জিজ্ঞাসাবাদ দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিজ্ঞাসাবাদ শেষে দুদকের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ী মুসা বিন শমসের। সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ছবি: সাজিদ হোসেন
জিজ্ঞাসাবাদ শেষে দুদকের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ী মুসা বিন শমসের। সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ছবি: সাজিদ হোসেন

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ সকাল সাড়ে নয়টার দিকে হাজির হন মুসা। সকাল ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন।
গত ৩ নভেম্বর কমিশনের নিয়মিত বৈঠকে মুসার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। মীর জয়নুল আবেদীনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মুসাকে আজ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীর ঈদসংখ্যায় মুসাকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের সূত্র ধরে তাঁর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই সাময়িকীতে এই ব্যবসায়ীর সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁর জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়।
বিজনেস এশিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা, তেল বাণিজ্য ও কেনাবেচার মধ্যস্থতার মাধ্যমে বিপুল ধনসম্পদের অধিকারী হয়েছেন মুসা।