বিতর্কিত ব্যবসায়ীদের নিয়ে খাদ্য কর্মকর্তার বৈঠক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সরকারি ধান-চাল কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে—এমন কয়েকজন বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে খাদ্য বিভাগের জেলা ও সদর উপজেলা কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা গত শুক্রবার সন্ধ্যায় বৈঠক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ওই বৈঠক হয়। এতে জেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল ইসলাম ও সদর উপজেলা খাদ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগের জেলা কর্যালয়ের একটি সূত্র জানায়, সম্প্রতি জেলায় বোরো ধান ক্রয়ে অনিয়মের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে বিতর্কিত ওই ব্যবসায়ীদের নিয়ে গোপন বৈঠকের আয়োজন করেন সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন। বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ওই ব্যবসায়ীদের মুঠোফোনে আমন্ত্রণও জানান তিনি। আমন্ত্রণ পেয়ে শুক্রবার সন্ধ্যার পর শহরের ধান-চাল ব্যবসায়ী পরিমল সমাদ্দার, স্বপন সাহা, কাজী মনির ও মো. পাভেল খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে বৈঠকে যোগ দেন। খাদ্য বিভাগের একটি সূত্র জানায়, এঁদের মধ্যে ব্যবসায়ী কাজী মনির, স্বপন সাহা ও পাভেলের বিরুদ্ধে সরকারের বোরো ধান সংগ্রহ অভিযানের সময় স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান না কিনে অন্য এলাকা থেকে কম দামে কিনে ৫৯২ মেট্রিক টন ধান খাদ্যগুদামে সরবরাহের অভিযোগ রয়েছে। মোশারফ হোসেন এই কাজে তাঁদের মূল সহযোগী ছিলেন বলে অভিযোগ ওঠে। এই অনিয়মের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বৈঠকে উপস্থিত খাদ্য বিভাগের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি বরগুনায় বোরো ধান সংগ্রহ অভিযানের বিষয়ে অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তা থেকে কীভাবে মোশারফ হোসেন ও অভিযুক্ত ব্যবসায়ীরা রক্ষা পেতে পারেন, সেই কৌশল নির্ধারণে আলোচনা হয়। এ ছাড়া বর্তমানে চলমান ১০ টাকা কেজিতে হতদরিদ্র লোকজনের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ চাল যাতে এসব ব্যবসায়ী সাবধানতার সঙ্গে কেনেন, সে ব্যাপারেও বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ী স্বপন কুমার সাহা বলেন, ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন আমাদের ডেকেছিলেন। খাদ্যগুদামের মালামাল পরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে।’ মোশারফ হোসেন বলেন, ‘আমাদের অফিসের কিছু বিষয় নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, ‘আমি ওই বৈঠকের আয়োজন করিনি। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন আয়োজন করে আমাকে আমন্ত্রণ করেছিল। আমি সেই আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। সেখানে আমরা দুজন ঠিকাদারের সঙ্গে বৈঠক করেছি।’ ধান ক্রয়ে দুর্নীতি ও কালোবাজারে চাল বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে—এমন ব্যবসায়ীদেরও বৈঠকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে বৈঠক করতে পারি। এতে দোষের কী?’