বিতর্কিত মৎস্যজীবীরাই জলাশয় ইজারা পাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরের বিতর্কিত সেই মৎস্যজীবী সমিতিগুলো জলমহাল ইজারা দরপত্রে অংশ নিয়েছে। সমিতিগুলোর নামে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জলমহাল ইজারার দরপত্র দাখিল করা হয়েছে। ইজারা দরপত্র দাখিল করতে গিয়ে অমৎস্যজীবীদের হাতে প্রকৃত মত্স্যজীবীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বুধবার জলমহাল ইজারার দরপত্র দাখিলের শেষ দিনে ৪১টি দরপত্র জমা পড়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত মৎস্যজীবী সমিতির ব্যানারে ক্ষমতাসীন দলের লোকজন ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলার প্রধান ফটকে অবস্থান নেন। কয়েকজন যুবক দরপত্র বাক্স পাহারা দিচ্ছিলেন। হাস্তাবসন্তপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মন্টু অভিযোগ করেন, বুধবার সকালে তাঁরা জলমহাল ইজারা দরপত্র দাখিল করতে ইউএনও কার্যালয়ে যান। সেখানে অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত মৎস্যজীবী সমিতির ব্যানারে ক্ষমতাসীন দলের লোকজন বাধা দেয়। এতে তাঁরা দরপত্র ফেলতে পারেননি। দুপুর দেড়টার দিকে বাধা উপেক্ষা করে দরপত্র ফেলতে গেলে তারা আমাদের মারধর করে। তিনি জানান, জলমহাল ইজারার নতুন নীতিমালা জারির পর এই উপজেলায় ২৬টি মৎস্যজীবী সমিতি নিবন্ধিত হয়েছে। ছয়টি সমিতিতে প্রকৃত মৎস্যজীবী আছে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, দরপত্র ফেলতে দিচ্ছে না, এমন খবর পেয়ে ইউএনও কার্যালয়ে যাই। দরপত্র ফেলতে গিয়ে একটি মত্স্যজীবী সমবায় সমিতির লোকজনকে কিছু উচ্ছৃঙ্খল যুবক মারধর করেছে। তিনি জানান, এই উপজেলায় ৩১৮টি খাস জলাশয় রয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি মৎস্যজীবী সমিতি দুটি করে খাস জলাশয় বরাদ্দ পাবে। জলমহাল ইজারা কমিটির সভাপতি ও ইউএনও এস এ এম রফিকুন্নবী জানান, মোট ৪১টি দরপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, পুকুর ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে কিছু উচ্ছৃঙ্খল যুবকের সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।