
একজন অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করলেও পরে বিতর্কিত হয়েছেন। আর অন্যজন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। তাঁরা দুজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
এই দুজনের একজন আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শোকরানা। তিনি মুক্তিযোদ্ধা হলেও স্বাধীনতা–পরবর্তী সময়ে যুবলীগের ছত্রচ্ছায়ায় খুন-হত্যায় জড়িত থাকাসহ বগুড়ার অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে বগুড়া–১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আবদুল মোমিন তালুকদার। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি পলাতক। স্বাধীনতাবিরোধী পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটসহ নানা অপকর্ম করার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
২০০৮ সালেও দুই আসনে বিএনপির প্রার্থী ছিলেন এই দুজন। বগুড়া-১ আসনে প্রায় ৫ হাজার ভোটে আওয়ামী লীগের আবদুল মান্নানের কাছে হেরে যান শোকরানা। তবে মোমিন তালুকদার জয়লাভ করেন।
শোকরানার বিরুদ্ধে যত অভিযোগ
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানার বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বহুল আলোচিত ডাল কেলেঙ্কারি এবং ত্রাণের কম্বল মজুত করার অভিযোগে মামলা হয়। ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি যৌথ বাহিনী শোকরানার ১৫টি গুদাম থেকে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১৮ হাজার বস্তা মসুর ডাল এবং বিপুল পরিমাণ ত্রাণের কম্বল আটক করে। তখন শোকরানা গ্রেপ্তারও হন। ডাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শোকরানা ও তাঁর সহযোগী পরিমল কুমার সিংয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়। বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলাটির বিচারকাজ শুরুও হয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালের ২১ নভেম্বর ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় মামলাটি প্রত্যাহার করা হয়। তিনি বিএনপির নেতা হলেও আওয়ামী লীগ আমলে কীভাবে তাঁর মামলা প্রত্যাহার হলো, তা নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে।
১৯৭২ থেকে ’৭৫ পর্যন্ত শোকরানা যুবলীগের ছত্রচ্ছায়ায় বগুড়া শহরে বিভিন্ন অপরাধের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ আছে। বগুড়ার বাদুড়তলা এলাকার মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, কিবরিয়া, দত্তবাড়ি এলাকার আনু হত্যাসহ বহু খুনের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ আছে। এর মধ্যে কিবরিয়া হত্যার ঘটনায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই মামলায় তিনি সোয়া ছয় বছর জেল খেটেছেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট তিনি গ্রেপ্তার হন। ’৮১ সালে বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় এলে তিনি সাধারণ ক্ষমায় ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে মুক্তি পান। এরপর কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর আশির দশকে এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। তখন জাতীয় পার্টির বগুড়া শহর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ’৯৯ সালে তারেক রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদ শোকরানা প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়েছি। পরে ছাত্রলীগ-যুবলীগ হয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েছি। রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগ থাকবেই। সরকারের বিরুদ্ধেও গুম-হত্যার অনেক অভিযোগ আছে। আমি যাতে সংসদে যেতে না পারি, এ জন্যই এসব অভিযোগ তোলা হচ্ছে।’
‘রাজাকার কমান্ডার’ থেকে সাংসদ
পুলিশের নথি বলছে, বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার ওরফে ‘খোকা রাজাকার’ একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত। হানাদার বাহিনীকে সহযোগিতার জন্য তিনি সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন। আদমদীঘি থানার রাজাকার কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির নেতৃত্ব দেন।
জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠিত হওয়ার পর ’৭৯ সাল থেকে বিএনপির মনোনয়নে একাধিকবার সাংসদ নির্বাচিত হন মোমিনের বাবা আবদুল মজিদ তালুকদার। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পান মোমিন।
১৯৭১ সালের ২৪ নভেম্বর মোমিন তালুকদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা মুনসুরুল হক তালুকদার টুলু, আবদুস সাত্তার, আবদুল জলিল, আলতাফসহ অসংখ্য মুক্তিযোদ্ধাকে রাজাকার ক্যাম্পে ধরে নিয়ে নির্মম নির্যাতনের পর গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এ বছরের ১৮ মে মোমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই তিনি পলাতক।
বগুড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মাসুদার রহমান হেলাল প্রথম আলোকে বলেন, ‘খুন, ধর্ষণ, সন্ত্রাস কিংবা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত কাউকে দলীয় মনোনয়ন দেওয়া কোনোভাবেই ঠিক নয়। সচেতন নাগরিক হিসেবে বলব, দণ্ডিত কোনো আসামি রাষ্ট্রের অনুকম্পায় সাধারণ ক্ষমা পেলে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের মনোনয়নপত্র যেন বাতিল করা হয়।’