বিতর্কিতদের বাদ পড়া ভালো দিক, তবে সরকারের ধরন নজিরবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের মন্ত্রিসভার বিতর্কিত অনেকের নতুন মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়াকে ইতিবাচক হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের নিয়ে যেভাবে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, তা নজিরবিহীন বলে মনে করেন তাঁরা।

আজ রোববার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদ। যদিও নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির সাংসদরাও আছেন।

নতুন মন্ত্রিসভা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ ‘প্রথম আলো’কে বলেন, সবার অংশগ্রহণে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে সেটা গ্রহণযোগ্যতা পেত। কিন্তু একই সঙ্গে সরকার ও বিরোধী দলে জাতীয় পার্টি থাকায় শেষ পর্যন্ত একটা গোঁজামিলের সরকার হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক ভাষ্যকার মীজানূর রহমান শেলী বলেছেন, ‘আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে নির্বাচন হয়েছে, তারপর এ ধরনের একটি মন্ত্রিসভা হবে, এটা বোঝাই যাচ্ছিল।’ তিনি বলেন, মন্ত্রিসভায় বিরোধী দলের সদস্যদের উপস্থিতির নজির রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে দুষ্কর। এটাকে বলা চলে সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ত্ব, কিংবা নভেল এক্সপেরিমেন্ট (অভিনব পরীক্ষা-নিরীক্ষা)। তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে করে বিরোধিতাটা সংসদের বাইরে চলে গেল। এতে সবচেয়ে বড় ক্ষতি হলো গণতন্ত্রের এবং দীর্ঘ মেয়াদে ক্ষমতাসীন দলের। তবে এ মন্ত্রিসভার একটি অন্যতম দিক হলো, যাঁরা সম্পদের পাহাড় গড়েছিলেন, নানা কারণে বিতর্কিত হয়েছিলেন, তাঁদের অনেকেই এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন।

মন্ত্রিসভায় বিরোধী দলের প্রতিনিধিত্ব প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শনিবার বলেছিলেন, ‘আমরা একটি নির্ভেজাল বিরোধী দল চাই, যারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে। মাথাটা সরকারি দলের, আর লেজটা বিরোধী দলের—এটা করা যাবে না। মাথা-লেজ বিরোধী দলের আর পেট সরকারি দলের; এটাও হবে না, হয়ও না। সবাই যদি মন্ত্রিত্বের জন্য কাঙাল হয়ে পড়ি, তাহলে গণতন্ত্রের কাঙাল হবে কে?’

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের কাছে নতুন এ মন্ত্রিসভা ‘জগাখিচুড়ি’র মতো। তিনি বলেন, বিতর্কিত কেউ কেউ বাদ পড়েছেন, আবার নতুন করে যুক্তও হয়েছেন। সংসদের বিরোধী দলের প্রতিনিধিরা সরকারে যুক্ত হওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, এটি সংবিধানের ৭০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

বদিউল আলম মজুমদার বলেন, এমনটা হওয়া উচিত হয়নি। কিন্তু ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেওয়া যায় না। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে যে সংসদ হয়েছিল, সেটিকেও বৈধতা দিতে হয়েছে। সুজন সম্পাদক বলেছেন, তিনি আশা করেন এই সরকার দ্রুততার সঙ্গে রাজনৈতিক বিরোধ মিটিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। তাঁরা বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং কারও প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন করবেন না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ বলেছেন, মন্ত্রিসভার ভালো দিক বিতর্কিতদের, বিশেষ করে যাঁরা টাকার পাহাড় গড়েছিলেন, তাঁদের অনেকেই বাদ পড়েছেন। নতুনরা কেমন, সেটা নির্ভর করবে তাঁদের কাজের ওপর।