বিতর্কিতদের মন্ত্রী করে সরকার জনগণের সঙ্গে ঠাট্টা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রী বানিয়ে সরকার জনগণের সঙ্গে ঠাট্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারের দুর্নীতি ও ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি ফেরাতে মন্ত্রিসভায় এই রদবদল করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন।নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।খন্দকার মোশাররফ অভিযোগ করেন, বিএনপিকে বাদ দিয়ে সরকার পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। এ জন্য জোটের নেতা-কর্মীদের হুঁশিয়ার থাকার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাছ থেকে দাবি আদায় করতে হলে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’খন্দকার মোশাররফ বলেন, সরকারের লুটপাটের জন্য বিদ্যুতের উৎপাদন-ব্যয় বেড়েছে। এ কারণে সরকার ছয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। তিনি বলেন, সংসদে দায়মুক্তি দিয়ে রেন্টাল, কুইক রেন্টাল করা হয়েছে লুটপাটের জন্য। এই কুইক রেন্টাল থেকে শতকরা ১৫ ভাগ বিদ্যুৎ আসে, আর ব্যয় হয় ৭৫ শতাংশ টাকা।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।