বিতর্কে জ্ঞান ও যুক্তির চর্চা করি
‘একাডেমিক শিক্ষার সঙ্গে সহশিক্ষার সমন্বয় সবচেয়ে ভালো। সহশিক্ষা হিসেবে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে। বিতর্কের মাধ্যমে আমরা জ্ঞান ও যুক্তির চর্চা করি। এর মাধ্যমে আমরা যদি যুক্তিশীল সমাজ গঠন করতে পারি, তাহলে এই প্রয়াস সার্থক হবে।’
তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শেষ দিনে শনিবার বিকেলে রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজের মিলনায়তন ও মুক্তমঞ্চে এসব কথা বলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। নটর ডেম বিতর্ক ক্লাব এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত পর্বে রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল অংশ নেয়।
চূড়ান্ত পর্বের শুরুতে মুক্তমঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘তিনটি “ম”কে আমরা সব সময় না বলি। এগুলো হচ্ছে মাদক, মিথ্যা ও মুখস্থ। তবে কবিতা, নামতা, ধারাপাত মুখস্থ থাকতে হবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাহরণ টেনে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা পাতার পর পাতা মুখস্থ বলতে পারতেন বঙ্গবন্ধু।
অনুষ্ঠানে নটর ডেম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মারলিন ক্লারা পিনেরু, নটর ডেম বিতর্ক ক্লাবের মডারেটর শহীদুল হাসান পাঠান, কো-মডারেটর শুভাশীষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
নটর ডেম বিতর্ক ক্লাবের ৩৩তম এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিল প্রথম আলো ও কিশোর আলো। আয়োজকেরা জানান, নটর ডেম বিতর্ক ক্লাবের এবারের প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০টি দল অংশ নেয়। এর মধ্যে এশিয়ান পার্লামেন্টারি বিতর্কে (বাংলায়) ৩০টি ও ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্কে (ইংরেজি) ৪০টি দল ছিল। চূড়ান্ত পর্ব শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয় ও বিজয়ী দলের সদস্যদের সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ইংরেজিতে অনুষ্ঠিত বিতর্কে ‘নভিস ক্যাটাগরিতে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার দিল্লি পাবলিক স্কুল ও রানার্সআপ হয়েছে হলি ক্রস উচ্চবালিকা বিদ্যালয় ও কলেজ। এই ক্যাটাগরিতে টুর্নামেন্ট–সেরা বিতার্কিক হয়েছে দিল্লি পাবলিক স্কুলের রাইদা হাসান।
‘ওপেন ক্যাটাগরিতে’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রানার্সআপ হয়েছে মাস্টারমাইন্ড স্কুল। এই ক্যাটাগরিতে টুর্নামেন্ট–সেরা বিতার্কিক হয়েছে নটর ডেম বিতর্ক ক্লাবের ফয়সাল রায়হান। এ ছাড়া ওপেন ক্যাটাগরিতে ফাইনালিস্ট হিসেবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে পুরস্কৃত করা হয়।
বাংলায় অনুষ্ঠিত বিতর্কে ‘স্কুল ক্যাটাগরিতে’ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন ও রাজউক উত্তরা মডেল স্কুল রানার্সআপ হয়। এই ক্যাটাগরিতে টুর্নামেন্ট–সেরা বিতার্কিক হয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের ইরফান রহমান।
‘কলেজ ক্যাটাগরিতে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এই ক্যাটাগরিতে টুর্নামেন্ট–সেরা বিতার্কিক হয়েছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের তামহিদুল ইসলাম।