বিতর্কে বিকশিত হোক সুন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা দ্বন্দ্ব-সংঘাত চাই না। যুক্তি চাই, তর্ক চাই। আর এর মধ্য দিয়ে মুক্তি চাই। আজকের বিতার্কিকেরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়বে।’ গতকাল শুক্রবার রাজশাহী ও খুলনায় পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্যায়ের অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। যুক্তিতে মুক্তি—এই প্রতিপাদ্য নিয়ে গত সোমবার কুষ্টিয়া থেকে শুরু হয়েছে দেশব্যাপী পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকার জাতীয় উৎসবে অংশ নেবে। এরপর দেশসেরা বিতার্কিকদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হবে জাতীয় বিতর্ক ক্যাম্পের।

রাজশাহীতে গতকাল অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে অতিথিরা  ছবি: প্রথম আলো
রাজশাহীতে গতকাল অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে অতিথিরা ছবি: প্রথম আলো

রাজশাহী: সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন। তিনি বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রথম আলো শিক্ষার্থীদের জন্য ভাষা প্রতিযোগ, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ধরনের আয়োজন করে থাকে। এ ধরনের আয়োজন সাধুবাদ পাওয়ার যোগ্য।’ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। বিজয়ী হয় ল্যাবরেটরি হাইস্কুল। বিজয়ী দলের রাইআন তামজিদ সেরা বিতার্কিক নির্বাচিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলকে মেডেল ও ট্রফি দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক মুস্তাফিজুর রহমান  বলেন, ‘যুক্তি মানুষের বিবেককে জাগ্রত করে, নাড়া দেয়। বিতর্কের দ্বন্দ্বে বিকশিত হোক সুন্দর।’ তিনি আরও বলেন, ‘স্কুল পর্যায়ে বিতর্ক শিক্ষার একটি অপরিহার্য অংশ, যা বাধ্যতামূলকভাবে চালু করা দরকার।’ রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান সরকার বলেন, ‘বিতর্ক যেন সঠিক তথ্যনির্ভর হয়। আমরা দ্বন্দ্ব-সংঘাত চাই না। যুক্তি চাই, তর্ক চাই। আর এর মধ্য দিয়ে মুক্তি চাই।’
উৎসবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এগুলো হলো রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দুর্গাপুর বালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বিবি হিন্দু একাডেমি, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, চরমোহনপুর হাইস্কুল, নাচোল  উপজেলা হাইস্কুল, নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, গ্রিন ভিউ হাইস্কুল, এম এম আইডিয়াল স্কুল এবং স্বস্তি হাইস্কুল।

অতিথিদের সঙ্গে খুলনার বিজয়ী ও বিজিত দলের সদস্যরা
অতিথিদের সঙ্গে খুলনার বিজয়ী ও বিজিত দলের সদস্যরা

খুলনা: টিঅ্যান্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মানসুরা খাতুনের ইচ্ছা ছিল, বিতর্ক উৎসবে তার যুক্তিগুলোই যেন সেরা হয়। আর তার স্কুলটি যেন প্রথম হয়। কিন্তু তার দল দ্বিতীয় পর্বেই বিদায় নেয়। তবে সে হয়েছে সেরা বিতার্কিক। মানসুরা জানায়, একসময় ক্লাসে কথা বলতে ভয় করত। কিন্তু বিতর্কচর্চার মাধ্যমে সেই ভয় আজ আর নেই। সকাল নয়টায় খুলনার সেন্ট যোসেফস্ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো. সরোয়ার হোসেন উৎসবের উদ্বোধন করেন। বক্তব্য দেন খুলনার ব্রজলাল (বিএল) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক, বন্ধুসভার জাতীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। শেখ মো. সরোয়ার হোসেন বলেন,  আজকের বিতার্কিকেরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়বে।  শংকর কুমার মল্লিক বলেন, মানবসভ্যতার সৃষ্টি থেকে বিতর্কের সূচনা হয়েছে। যুক্তিবাদী মানুষেরাই দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন সাধিত করে। দিনব্যাপী বিতর্ক শেষে চূড়ান্ত পর্বে (ফাইনাল) ওঠে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি করোনেশান মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। সেরা বিতার্কিক হয়েছে  মানসুরা খাতুন। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক সঞ্জয় অধিকারী। তিনি বিজয়ী ও রানার্সআপ দলকে মেডেল ও ট্রফি দেন। সেরা বিতার্কিককে দেওয়া হয় ক্রেস্ট। উৎসবে খুলনা ও সাতক্ষীরা জেলার ১৩টি স্কুলের ৩৯ জন বিতার্কিক অংশ নেয়। স্কুলগুলো হলো: সেন্ট যোসেফস্ উচ্চবিদ্যালয়, খুলনা জিলা স্কুল, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফাতিমা উচ্চবিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, এস ও এস হারম্যান মেইনার স্কুল, সরকারি করোনেশান মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, টিঅ্যান্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও নেভি অ্যাংকরেজ বিদ্যালয়।  

৬ অক্টোবর, রোববার

বরিশাল, ঝালকাঠি ও ভোলা

স্থান: বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান

স্থান: রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর

স্থান: দিনাজপুর শিল্পকলা একাডেমী

//