পুরান ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাজধানীর অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই মেধাবী। কোনো বিষয়ে জানা ও সে বিষয়ে বিতর্ক (ডিবেট) করার আগ্রহও আছে তাদের। তাই এসব শিক্ষার্থীকে সময় ও শ্রম দিয়ে সামনে এগিয়ে আনতে হবে। গতকাল শনিবার দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকার একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষকেরা। পুরান ঢাকার শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা বাড়াতে প্রথম আলো এ সভার আয়োজন করে। সভায় পুরান ঢাকার ২১টি স্কুলের শিক্ষকেরা অংশ নেন।সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।সভায় ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষক নাজমুল হক খান, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের আফরোজা নাজনীন, ভিকারুননিসা নূন স্কুলের (আজিমপুর শাখা) শামসুন আরা সুলতানা, রহমত উল্লা মডেল হাইস্কুলের এম এ মান্নান, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন প্রমুখ উপস্থিত ছিলেন।