বিতর্কের মাধ্যমে গণতন্ত্রকে সম্প্রসারিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তি, বিতর্ক ও সৃজনশীলতার মাধ্যমে গণতন্ত্রকে সম্প্রসারিত করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা।
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত বুধবার থেকে শুরু হওয়া এ বিতর্ক উৎসবের প্রতিপাদ্য ছিল, ‘অবরুদ্ধ গণতন্ত্র, তবুও হৃদয় উন্মুক্ত’। যোসেফাইট ডিবেটিং ক্লাবের (জেডিসি) আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় বিতর্ক উৎসবে ঢাকা জেলার ২৬টি স্কুল-কলেজের ৮০টির মতো বিতার্কিক দল অংশ নেয়। গতকাল শনিবার ছিল উৎসবের সমাপনী দিন।
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যান্য বক্তার মধ্যে ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও, প্রতিযোগিতার প্রধান বিচারক নেওয়াজুল কবির এবং পরিচালক শাইয়ান সাদিক।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘স্বাধীনতার অল্প কিছুদিন পর থেকেই দীর্ঘ সময়ের সামরিক শাসন এবং পরবর্তী সময়ে নানা সংঘাত-প্রতিকূলতা ও রাজনৈতিক উত্থান-পতনের ভেতর দিয়ে যাওয়া আমাদের গণতন্ত্র এখন পর্যন্ত সংহত অবস্থানে আসতে পারেনি। এই গণতন্ত্রকে উদ্ভাসিত করার, সম্প্রসারিত করার প্রয়োজন রয়েছে।’
তাঁর মতে, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি উন্নত, গণতান্ত্রিক, মানবিক যোগ্যতাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিদ্যমান পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। এ ছাড়া তৃণমূল পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি অচিরেই প্রথম আলোর উদ্যোগে দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হাসান আহমেদ চৌধুরী কিরণ তাঁর বক্তব্যে বিতর্ককে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সভাপতি ব্রাদার রবি পিউরিফিকেশনের ভাষ্য, বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখে। ধৈর্য ধারণের শিক্ষা পায়। গণতন্ত্রও পরমতসহিষ্ণুতার কথা বলে।
বক্তৃতাপর্ব শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও। কলেজ পর্যায়ে ঢাকা কলেজ ডিবেটিং ক্লাবকে হারিয়ে যোসেফাইট ডিবেটিং ক্লাব-১ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন জেডিসির শাইয়ান সাদিক। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা ডিবেটিং ক্লাব ১। ফাইনালে তারা আইডিয়াল ডিবেটিং ক্লাব-২ কে হারায়। এ পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিক জেডিসির তৌকির আযম। এ ছাড়া বারোয়ারি বিতর্কে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে জেডিসির সাফওয়ান রহমান ও শাইয়ান সাদিক।
অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।