বিতর্কের মাধ্যমে গড়ে উঠবে যুক্তিনির্ভর আগামী প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি যুক্তিনির্ভর সমাজ ও আগামী প্রজন্ম গড়ে তুলতে পারলে বিশ্ব থেকে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কমে যাবে। বিতর্কের মাধ্যমেই যুক্তিনির্ভর আগামী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। গতকাল বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১১’ শীর্ষক বিতর্কের আয়োজন করেছে ভিকারুননিসা ডিবেটিং ক্লাব। এতে সহযোগিতা করছে প্রথম আলো এবং কোহিনূর কেমিক্যালস লিমিটেড। অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ শিশু (অষ্টম শ্রেণীর নিচে), ১৬তম আন্তস্কুল, ষষ্ঠ আন্তকলেজ এবং ১৪তম ক্লাব বিতর্ক প্রতিযোগিতা। এবারের প্রতিপাদ্য ‘মানবতার বিজয় ঘোষিত হোক তথ্যযুদ্ধের আশীর্বাদে’।অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা যায়। কিন্তু সব সময় এটা হয় না। কখনো কখনো অন্য যুদ্ধও করতে হবে। যেমন করতে হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। বাঁদর ও সিংহের একটি গল্পের উদ্ধৃতি দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘আমাদের দেশেও অনেক হিংস্র লোক আছে, যারা নদী দখল করে, বন দখল করে। এদের আমরা দস্যু বলি। এসব স্থানকে মুক্ত রাখতে হলে তাদেরও সিংহের গল্পের মতো বনে পাঠিয়ে দিতে হবে।’ ভিকারুননিসার অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ভিকারুননিসা সব সময়ই বিতর্ককে উৎসাহিত করে। কারণ এর মধ্য দিয়ে যুক্তিতর্ক ওঠে আসে। তরুণ প্রজন্ম হয় যুক্তিনির্ভর।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নাইমুল আজম খান ও মজিবুর রহমান হাওলাদার, ডিবেটিং ক্লাবের মডারেটর শবনম সোহেলী খান ও সভাপতি সাদিয়া সাঈদ, বাংলাদেশ ডিবেট ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাসান মাহমুদ, কোহিনূর কেমিক্যালস লিমিটেডের নির্বাহী সহসভাপতি জাফর আহমেদ খান। আয়োজকেরা জানান, প্রতিযোগিতার শিশুপর্যায়ে ২০টি, আন্তস্কুল পর্যায়ে ৩০টি বিদ্যালয়, কলেজপর্যায়ে ২৪টি কলেজ, ক্লাব পর্যায়ে ২৮টি ক্লাব অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।