যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হলো প্রথম আলো-বুয়েট ডিসি (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব) পঞ্চম বিতর্ক প্রতিযোগিতা ২০১২। প্রতিযোগিতায় স্কুল বাংলা বিতর্কে বিজয়ী হয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। রানার আপ হয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল। স্কুল ইংরেজি বিতর্কে বিজয়ী হয়েছে ভিকারুননিসা নূন স্কুল। রানার আপ হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। কলেজ বাংলা বিতর্কে বিজয়ী হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেল কলেজ। রানার আপ হয়েছে নটর ডেম কলেজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা বিতর্কে বিজয়ী হয়েছে বুয়েট দ্বান্দ্বিক দল। রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।আলোচনা সভায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বিতর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে দেশের সব শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে। প্রতিবাদ করতে হবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে।বুয়েট ডিবেটিং ক্লাবের মডারেটর মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন, শেলেটক্ প্রাইভেট লিমিটেডের গবেষণা ও পরিকল্পনাবিষয়ক জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।বুয়েট ডিবেটিং ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে গত ১০ জুলাই এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রতিযোগিতায় বাংলা বিতর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৪টি দল অংশ নেয়। ইংরেজি বিতর্কে অংশ নেয় ২৪টি দল। প্রতিযোগিতায় গণমাধ্যম সহযোগী ছিল প্রথম আলো, এবিসি রেডিও ও দেশ টিভি।