বিতর্ক যুক্তি-তর্কের মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে। আর বিতার্কিকেরা সুন্দর মনের মানুষ হয়। আজ যারা বিতর্ক চর্চা করছে, তারাই ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ‘প্রথম আলো-জেডিসি ডিবেট ফেস্টিভ্যাল’-এর সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার বক্তারা এসব কথা বলেন। ‘যুক্তি নিয়ে যাবে সাফল্যের চূড়ায়’ স্লোগান নিয়ে এই উৎসবে আন্তস্কুল, আন্তকলেজ, আন্তক্লাব, মিশ্র ও বারোয়ারি বিভাগে প্রতিযোগিতা হয়। জোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) উৎসবটির আয়োজন করে।বিতর্ক উৎসবে বাংলা মাধ্যমের ২৮ ও ইংরেজি মাধ্যমের ৩২টি বিদ্যালয়, ১৬টি কলেজ, ১৮টি ক্লাব অংশ নিয়েছে।সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার বিজয় হ্যারল্ড রডরিকস বলেন, বিতর্ক মানুষকে সুন্দর ও বুদ্ধিদীপ্ত করে। সত্যকে সত্য হিসেবে, মিথ্যাকে মিথ্যা। অর্থাৎ যা সঠিক, তাকেই প্রতিষ্ঠিত করে বিতর্ক।প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর বিতার্কিকদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ যদি তার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় এবং সে অনুযায়ী কাজ করে, তবে তা একসময় অবশ্যই ফলে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেডিসির প্রধান মডারেটর জিনাত হোসেন, মডারেটর নাজমুল হাসান, ফিরোজ হোসাইন। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক শাইয়ান সাদিক। পরে গান গেয়ে শোনান রিদম। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আন্তস্কুল বিভাগের বাংলা বিতর্কে বনশ্রী আইডিয়াল স্কুল-১ দল বিজয়ী হয়েছে। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে শোভন। এই বিভাগের মিশ্র বিতর্কে বিজয়ী হয়েছে শাইয়ান সাদিক ও সৌভিক কুণ্ডু। বারোয়ারি বিতর্কেও বিজয়ী হয়েছে শাইয়ান। আন্তস্কুল বিভাগের ইংরেজি বিতর্কে বিজয়ী হয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। এতে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে তাহসিন ইসলাম।আন্তকলেজ বিভাগে বিজয়ী হয়েছে নটর ডেম কলেজের গামা দল। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে সিফাত আহমেদ খান। এই বিভাগের বারোয়ারি বিতর্কে বিজয়ী হয়েছে পারিসা মুশফিকা। আন্তক্লাব বিভাগে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে নাওয়াজুুল কবির। মিশ্র বিতর্কে বিজয়ী হয়েছে প্রমিত অনন্যা চক্রবর্তী ও সৈয়দ ইব্রাহিম সাজিদ। এই বিভাগের বারোয়ারি বিতর্কে বিজয়ী হয়েছে নাওয়াজুুল কবির।