
‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে গতকাল শুক্রবার পুরান ঢাকায় প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। রাজধানীর সদরঘাটে ঢাকা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। তিনি বলেন, বিতর্ক জ্ঞানের অপূর্ব স্কুল, যা মনে সাহস জোগায়। বিতার্কিকেরা সুন্দর, সৃষ্টিশীল ও গণতান্ত্রিক হয়। উপস্থিত ছিলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
গতকাল সকাল আটটা থেকে শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়। এতে পুরান ঢাকা অঞ্চলের ২৯টি বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। বিদ্যালয়ের হলরুমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিতর্ক উৎসবে অংশ নিতে আসা আজিজিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নওরোজ ইসলাম বলে, ‘আমাদের বিদ্যালয়ে বিতর্ক ক্লাব নেই। মাত্র কয়েক দিনের চর্চায় যা শিখেছি তা উপস্থাপন করেছি। হেরে গেছি। এ নিয়ে মন খারাপ করিনি।’ কে এল জুবলী স্কুল ও কলেজের শিক্ষার্থী অরণ্য সাহা বলে, ‘পড়াশোনার প্রচণ্ড চাপের মধ্যে এমন অনুষ্ঠান বিনোদন জুগিয়েছে।’ ভিকারুননিসা নূন স্কুলের দলনেতা ফারিয়া ফেরদৌস বলে, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বিতর্ক বিষয়ে মনের ভয় কেটে যাবে।’
বিতর্কের ফাঁকে ফাঁকে মূল মঞ্চে শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, গান, কৌতুক পরিবেশন করে পুরস্কার জিতে নেয়। বারোয়ারি বিতর্ক বিষয়ে বিশ্লেষণ করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সদস্য শাকিল মাহবুব।
বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞানচর্চার মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করা সম্ভব। ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক নাজমুল হক খান বলেন, প্রথম আলোর বিতর্ক উৎসব একটি মহৎ কাজ। এর মাধ্যমে দেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।
চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার মানুষকে সাহিত্যবিমুখ করে’। এতে মুখোমুখি হন সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয় ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল।
হাড্ডাহাড্ডি লড়ায়ে বিজয়ী হয় সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ের ইসহাক ইবতিদা, মুহাম্মদ মহিউদ্দিন, উৎস হাওলাদার ও আসিফুর রহমান।
রানার্সআপ হয় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলের জেরিন আগ্নেশ রোজারিও, জান্নাতুল ফিরদৌস, মোহিনী পৃথুলা ও তাসনীয়া ইসলাম।
সেরা বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের ইসহাক ইবতিদা।