বিতাড়িত ছাত্রলীগের অতিথি ভবনে অবস্থান, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে বিতাড়িত ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার অতিথি ভবনে অবস্থান নেন। তাঁরা সন্ধ্যায় উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন হলে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের সমাবেশকে কেন্দ্র করে গত বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামছুজ্জামান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ও আসাদুজ্জামান পক্ষের নেতা-কর্মীরা আবাসিক হল থেকে বিতাড়িত হন। ওই দিন রাতে বিতাড়িত পক্ষের ২৫-৩০ জন কর্মী রামদা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতিথি ভবনে অবস্থান নেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল ছাত্রলীগের কর্মীদের অতিথি ভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এ পরিপ্রেক্ষিতে এখান থেকে বের হয়ে তাঁরা বিকেল পাঁচটার দিকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন। সন্ধ্যা সাতটার দিকে আবাসিক হলে অবস্থানরত ছাত্রলীগের অপর পক্ষের নেতা-কর্মীরা ‘অতিথি ভবন দখলমুক্ত’ করার দাবিতে মিছিল বের করেন। মিছিল থেকে ওই পক্ষকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা উপাচার্যের কার্যালয়ে ঢুকে পড়েন। হলে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা ফিরে গেলে আবারও বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারী অংশের নেতা শামছুজ্জামান, আসাদুজ্জামান, হাফিজুরসহ কয়েকজন সহকারী প্রক্টর নিলয় সরকারকে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। অতিথি ভবনের দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফজলুর রহমান ছাত্রলীগের অবস্থান নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শামসুজ্জামান চৌধুরী বলেন, ‘হলছাড়া হয়ে বিপাকে পড়ে আমরা পরীক্ষার্থীদের নিয়ে অতিথি ভবনে অবস্থান করছি।’বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা উত্তম কুমার দাস প্রথম আলোকে বলেন, অতিথি ভবন দখল করে অবস্থান নেওয়া নজিরবিহীন। তাঁরা প্রশাসনকে বিব্রত করে বিশ্ববিদ্যালয় বন্ধ করার পাঁয়তারা করছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ হলে জামায়াত-শিবির লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন।