বিত্তবানের পূর্ণ, গরিবেরটা শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামের ইশারত আলী; বয়স ৭২। ঘরে তাঁর স্ত্রী আছেন। এক ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে। আর মেয়েকে বিয়ে দিয়েছেন আরও আগেই। দুটি মানুষের জন্য দুই বেলা খাবার জোটাতে এই বয়সেও গ্রাম থেকে গ্রামে ছুটতে হয় তাঁকে। পেশায় তিনি কবিরাজ। ইশারত আলীর আরেকটা পরিচয় আছে। তিনি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৪০ বছরেও তিনি মুক্তিযোদ্ধা ভাতা পাননি।আবাইপুর গ্রামের মতলেব শেখও (৭০) দেশমাতৃকার টানে একদিন যুদ্ধ করেছিলেন। তিনিও আজ অবধি কোনো সম্মানী ভাতা পাননি। মতলেব শেখ পেশায় নরসুন্দর। মানুষের চুল-দাড়ি কেটে যা আয় হয়, তা দিয়েই চলে তাঁর পাঁচ সদস্যের পরিবার। চোখে ভালো দেখেন না বলে ছোট ছেলে তাঁকে সাহায্য করে এখন।একই উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে উল্টো চিত্রও আছে। ঝিনাইদহ-১ আসনের (শৈলকুপা) আওয়ামী লীগের দলীয় সাংসদ আবদুল হাই, জাসদের সাবেক সাংসদ দবির উদ্দিন জোয়ার্দ্দার, আওয়ামী লীগের নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, সাবেক সচিব কাজী নাসিরুল ইসলাম, পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের নেতা কাজী আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের মতো বিত্তশালী অনেক মুক্তিযোদ্ধাই ভাতা পাচ্ছেন। গত বছরের শুরুর দিকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই বছরের জুলাই থেকে তাঁরা প্রতি মাসে দুই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।বিত্তশালীরা ভাতা পেলেও বাদ পড়েছেন শৈলকুপায় তালিকাভুক্ত ১৩৮ জন মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্যে অর্ধেকই অসহায় ও দরিদ্র মুক্তিযোদ্ধা। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, শৈলকুপায় বর্তমানে ৭১৩ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আছেন। এর মধ্যে ৫৭৫ জন ভাতা পাচ্ছেন। তাঁদের মধ্যে শতাধিক বিত্তশালী। বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলেও অসহায় মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছেন না। ইশারত আলী জানান, অনেক ঘুরেছেন ভাতার জন্য। আর ঘুরতে মন চায় না। ভাতা চাইলে জানতে চাওয়া হয়—তিনি সক্রিয় রাজনীতিতে আছেন কি না।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন জানান, ভাতাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমান কমান্ডার রহমত আলী জানান, যাঁরা বাদ পড়েছেন, তাঁরা সময়মতো যোগাযোগ করেননি। এ কারণে এই সমস্যা হয়েছে।সাবেক সাংসদ দবির উদ্দিন জোয়ার্দ্দার জানান, তিনি চেয়েছিলেন, সবার শেষে ভাতা নেবেন। কিন্তু অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার পর তাঁর কাছে খারাপ লেগেছে। ভাতা না নিয়ে মনে হয়েছে, তিনি কি ভুয়া মুক্তিযোদ্ধা? তাই সর্বশেষ তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির জন্য বলেছিলেন এবং ভাতা পাচ্ছেন। শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার জানান, তিনি এখন ভাতা নিচ্ছেন। আগে যেসব নিয়ম ছিল, সেগুলো এখন শিথিল রয়েছে। তিনি বলেন, যেসব অসহায় মুক্তিযোদ্ধা এখনো ভাতা পাননি, তাঁদের কোনো সমস্যা থাকতে পারে।জেলা সমাজসেবা কর্মকর্তা সুরাজ চন্দ্র দেবনাথ জানান, ভাতার নামটি পরিবর্তন করে ‘দুস্থ’ থেকে ‘সম্মানী’ ভাতা করা হয়েছে। কিন্তু আইন পরিবর্তন হয়নি। তবে ভাতা প্রদানের ক্ষেত্রে উচ্চপর্যায় থেকে সর্বস্তরে আইনটি শিথিল রয়েছে। এখন বিত্তশালীদেরও ভাতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আগে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়, পরে অন্যদের। কিন্তু শৈলকুপায় এত জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা কেন পান না, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।