যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলা থেকে সাংসদ মিজানের নাম বাদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আনিসুর রহমান পপলুকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয় এবং অভিযোগ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজানের নাম বাদ দেওয়া হয়।
এর আগে সাংসদ মিজানুর রহমান মিজান এবং যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক এস এম মেজবাউল হোসেন বুরুজসহ নয়জনকে অভিযুক্ত করে মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলের বিচারক মো. জাকির হোসেন টিপুর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শেখ শাহজাহান মুখ্য মহানগর হাকিম শেখ আবদুল আহাদের আদালতে দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে বলেন, বিথার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী, সমন্বয়কারী, পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা হিসেবে পপলুর বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে। এ ছাড়া আসামি মো. একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন রাজু, মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ, ইমামুল কবীর জীবন ওরফে শবে কাদির ও লিয়াকত আলী শিকদারের বিরুদ্ধে সরাসরি হত্যাসহ হত্যা মিশনে অংশগ্রহণের অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর আগে ২০১৩ সালের ১০ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. নাফিউর রহমান নয়জনকে অভিযুক্ত করে মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলের বিচারক মো. জাকির হোসেন টিপুর আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেছিলেন। তাতে মিজানুর রহমান মিজান, এস এম মেজবাউল হোসেন বুরুজ এবং সরদার আনিসুর রহমান পপলুর নাম ছিল। বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে মিজান ও বুরুজকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। ২৭ অক্টোবর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, মিজান ও বুরুজের বিরুদ্ধে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে এর আগে দাখিল করা অভিযোগপত্রে তাঁদের নাম থাকায় আইনগতভাবে সম্পূরক অভিযোগপত্র থেকে এ দুজনের নাম বাদ দেওয়ার অবকাশ নেই। আরও বলা হয়, এ দুজনের অব্যাহতির বিষয়টি বিজ্ঞ আদালতের সুবিবেচনাধীন রাখা হয়েছে। এ ছাড়া অভিযোগপত্রভুক্ত মাসুদ রানা ওরফে রানাকে গত ৩০ অক্টোবর কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তাই তাঁর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
২০০৯ সালের ১১ জুলাই রাতে মোটরসাইকেলে করে নগরের মুসলমান পাড়ার বাসায় ফেরার পথে মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা বিথারকে গুলি করে হত্যা করে। হত্যকাণ্ডের ঘটনায় বিথারের স্ত্রী রুনু রেজার বড় ভাই এস এম রফিউর রহমান বাদী হয়ে পরের দিন ১২ জুলাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন খুলনা থানার এসআই শাহজাহান সিরাজ। তিনি মামলাটি ১০ দিন তদন্ত করার পর ২১ জুলাই খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। ডিবির পরিদর্শক মামুন খান মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন। এরপর ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম, পরিদর্শক আখতার হোসেন এবং সর্বশেষ পরিদর্শক নাফিউর রহমান মামলাটি তদন্ত করেন।
সম্পূরক অভিযোগপত্রে বিথার হত্যার সম্ভাব্য কয়েকটি কারণ উল্লেখ করা হয়।
এক. ২০০৭ সালের ৪ আগস্ট খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদের নির্বাচনে বিথারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তিনি স্বতন্ত্রভাবে প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যাওয়ায় প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়।
দুই. ২০০৯ সালে খুলনা সার্কিট হাউস ময়দানে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজকের দায়িত্ব পান বিথার। বাণিজ্য মেলার দরপত্র দাখিলের আগে পপলু ফোন করে বিথারের কাছে জানতে চান তিনি দরপত্র দাখিল করেছেন কিনা। জবাবে বিথার জানান, তিনি ২৫ লাখ টাকায় বাণিজ্য মেলা নেওয়ার জন্য দরপত্র দাখিল করেছেন। বিথারের কাছে ২৫ লাখ টাকা দরপত্র দাখিলের কথা শুনে পপলু দরপত্রে ৩০ লাখ টাকা উল্লেখ করে তা দাখিল করেন। বিথার প্রকৃতপক্ষে ৩৩ লাখ টাকা উল্লেখ করে দরপত্র দাখিল করেছিলেন। দরপত্রে বিথারের দর সর্বোচ্চ হওয়ায় তিনি বাণিজ্য মেলা আয়োজনের দায়িত্ব পান। পরে পপলু বিথারকে একসঙ্গে মেলার আয়োজনের প্রস্তাব দিলে বিথার তা প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন পপলু।
তিন. যুবলীগের মহানগর কমিটির আহ্বায়ক হওয়া নিয়ে দলীয় কার্যালয়ে বিথার ও পপলুর মধ্যে মারামারি হয়। তবে এ ঘটনা সম্পর্কে অভিযোগপত্রে বিস্তারিত কিছু বলা হয়নি।