বিথার হত্যা মামলার প্রধান আসামি হিরুর লাশ উদ্ধার
বাস্তুহারা শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনার সোনডাঙ্গা বাস টার্মিনাল এলাকার ত্রাস হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন ওরফে হিরুর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় খুলনার রূপসা-ফুলতলা বাইপাস সড়কে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।নিহত হিরু নগরের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের কেন্দ্রীয় নেতা শহীদ ইকবাল ওরফে বিথার হত্যা মামলার প্রধান আসামি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর ধরে হিরু সোনডাঙ্গা বাস টার্মিনাল এলাকার নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ১০ মার্চ রাতে সোনাডাঙ্গা টার্মিনাল এলাকায় খোঁড়ার বস্তিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানকালে হিরু ও তাঁর সন্ত্রাসী বাহিনীর ছুরিকাঘাতে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা এএসআই জিল্লুর রহমান ও সার্জেন্ট আশরাফ আহত হন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ মামলার প্রধান আসামি হিরুকে গ্রেপ্তার করতে পারেনি। নগরের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, হিরুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের ১৩টি মামলা আছে। তাঁর বিরুদ্ধে ছয়টি জিডিও (সাধারণ ডায়রি) আছে। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।খুলনা জেলা বাসমালিক সমিতির সভাপতি আবদুল গফফার বিশ্বাস প্রথম আলোকে বলেন, খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের নাম ভাঙিয়ে হিরু সোনাডাঙ্গা টার্মিনাল এলাকাকে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করেছিলেন। তিনি ও তাঁর বাহিনী চাঁদাবাজি, জমি দখলসহ হেন অপকর্ম নেই, যা করেনি। খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ বলেন, গোপন খবরের ভিত্তিতে সকাল সাড়ে নয়টায় বাইপাস সড়কে মোস্তফার মোড়ের কাছাকাছি রাস্তার দক্ষিণ পাশে তাঁকে মৃত পড়ে থাকতে দেখেছি। তাঁর মাথায় দুটি, পাঁজরে দুটি ও বুকে একটি গুলির চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।