বিদায়ী মন্ত্রীদের কাজে যোগদান অবৈধ: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, পদত্যাগপত্র জমা দেওয়ার পর মন্ত্রীরা কাজে যোগদান করে অবৈধ, বেআইনি ও সংবিধান পরিপন্থী কাজ করেছেন। এ জন্য ভবিষ্যতে তাঁদের বিচারের মুখোমুখি হতে হবে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, ‘পদত্যাগ করার পর তাঁরা এখন কেউ আর মন্ত্রী নন। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে সচিবদের সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বিদায়ী মন্ত্রীদের অধীনে কোনো কাজ না করার জন্য আহ্বান জানাচ্ছি। এর পরও প্রজাতন্ত্রের কোনো কর্মচারী তাঁদের প্রতি আনুগত্য প্রদর্শন করলে তা হবে সংবিধানের লংঘন।’
বিবৃতিতে মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের সমালোচনা করে বলা হয়, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে তিনি একদিকে সরকারকে বিভ্রান্ত করছেন, আরেক দিকে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। আইনমন্ত্রীর মনগড়া ব্যাখ্যা জনগণ গ্রহণ করবে না।