বিদায়ী মেয়রদের আয় ও সম্পদ বেড়েছে, প্রতিদ্বন্দ্বীদেরকমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের নির্বাচনের আগে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের চার মেয়র এবং তাঁদের ওপর নির্ভরশীলদের যে আয় ও সম্পদ ছিল, ২০১৩ সালে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত পৌনে পাঁচ বছরে বিদায়ী চার মেয়রের গড় আয় বেড়েছে ৬৭৪৭ দশমিক ১৮ শতাংশ।

আবার ওই নির্বাচনে এই চার মেয়রের প্রতিদ্বন্দ্বী চার পরাজিত প্রার্থী ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের যে আয় ও সম্পদ ছিল, তা এই সময়ে কমে গেছে। হিসাবে দেখা যায়, তাঁদের গড় আয় কমেছে ২২ দশমিক ৭৮ শতাংশ।

২০০৮ সালের ৪ আগস্ট ও ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠেয় চার সিটির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় আটজন মেয়র পদপ্রার্থীর আয় ও সম্পদের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পেয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি চার সিটির আটজন মেয়রসহ কাউন্সিলর পদপ্রার্থীদের আর্থিক ও অন্যান্য তথ্য প্রকাশ করে।

সুজনের বিশ্লেষণে দেখা যায়, গত পৌনে পাঁচ বছরে বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র শওকত হোসেন ও তাঁর ওপর নির্ভরশীলদের আয় বেড়েছে তিন কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৭৮০ টাকা, আর সম্পদ বেড়েছে ১০ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৮২৪ টাকার। পৌনে পাঁচ বছরে মেয়রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবিব কামালের আয় দুই লাখ ২২ হাজার টাকা বাড়লেও সম্পদ কমেছে ৭৬ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকার।

খুলনার বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেকের আয় বেড়েছে পাঁচ কোটি ২৯ লাখ চার হাজার ৯৭৭ টাকা। সম্পদ বেড়েছে আট কোটি ২২ লাখ ৪৩ হাজার ৭৪৩ টাকার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনিরুজ্জামানের আয় কমেছে ছয় লাখ ৩৬ হাজার টাকা। তবে তাঁর সম্পদ বেড়েছে ১৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকার।

একইভাবে রাজশাহীর বিদায়ী মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের আয় বেড়েছে ৫৬ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। সম্পদ বেড়েছে ৯৭ লাখ ৭২ হাজার ১৯৮ টাকার। তাঁর প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেনের আয় বেড়েছে মাত্র ২৪ হাজার টাকা। তবে তাঁর সম্পদ বেড়েছে ১০ লাখ ৪০ হাজার ১৫৫ টাকার।

গত পৌনে পাঁচ বছরে সিলেটের বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের আয় ১৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ টাকা। তাঁর সম্পদ বেড়ছে দুই কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৩৩৪ টাকার। অবশ্য ২০০৮ সালে জব্দ থাকার কারণে কামরানের আয় প্রদর্শন করা হয়নি। নির্দিষ্ট কলামে তাঁর স্ত্রীর আয় দেখানো হয়।

চার সিটি করপোরেশনের মধ্যে বরিশাল, খুলনা ও রাজশাহীতে ২০০৮ সালের প্রার্থীরা এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেবল সিলেটে আরিফুল হক চৌধুরী ২০০৮ সালে নির্বাচন করেননি।

সুজনের সভাপতি হাফিজ উদ্দিন খান বলেন, এখানে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা প্রার্থীদের হলফনামা থেকে পাওয়া। এটা চ্যালেঞ্জ করার সুযোগ নেই।

সংগঠনের নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদের আয় ও সম্পদ বেড়ে যাওয়া একটি পরিহাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। চার সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।