বিদায় অনুষ্ঠানে আসার পথে চিরবিদায়
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। তাই গত বৃহস্পতিবার ছিল কক্সবাজারের রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। কিন্তু বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া হলো না সাজেদুলের।ওই দিন সকালে বিদায় অনুষ্ঠানে আসার পথে চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা স্টেশনে ঘাতক মাইক্রোবাসের থাবায় পৃথিবী থেকে বিদায় নিল ওই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ড্রেসমেকিং ও ট্রেইলারিং বিভাগের ছাত্র সাজেদুল করিম ওরফে সাহেদ। সাজেদুল উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগরপাড়ার সাব্বির আহাম্মদের ছেলে। এ সময় বেঁচে যায় তার সহপাঠী সাহাব উদ্দিন। সাজেদুলের বড় ভাই মোহাম্মদ আজিজ জানান, আট ভাইবোনের মধ্যে সাজেদুল সপ্তম। টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপার মো. ইমদাদুর রহমান জানান, ছাত্র হিসেবে সাজেদুল মেধাবী এবং ভদ্র ছিল। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।