বিদায় অনুষ্ঠানের কর্তৃত্ব রাখা নিয়ে বিরোধে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন এ আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কর্তৃত্ব রাখা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে রিমান্ডে পাঁচ আসামি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন নাসিম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। নাসিম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার পরদিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের দিনই পুলিশ নিহত নাসিমের পাঁচ সহপাঠীকে আটক করে। গত বুধবার আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে চকবাজার থানার পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি মো. ইব্রাহিম সোহান ধরা না পড়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী আবু তাহের। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, নাসিম হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী ও এস এম গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদে জানান, গত বছরও বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তাঁরা। তাঁদের নেতৃত্বেই সবকিছু হতো। কিন্তু এবার নাসিম আহমেদ বাধা হয়ে দাঁড়ান। সোহান (সিসি ক্যামেরার ফুটেজে নাসিমকে ছুরিকাঘাত করতে দেখা যায়) অনুষ্ঠান পরিচালনার কর্তৃত্ব থেকে শুরু করে অতিথি নির্ধারণসহ সবকিছু নিজে করতে চান। এ নিয়ে সোহান ও নাসিমের মধ্যে কয়েক দফায় বাগ্বিতণ্ডা হয়। কিন্তু শেষ পর্যন্ত নাসিম অনুষ্ঠানের কর্তৃত্ব নিজের কাছে রাখেন। মূলত বিদায় অনুষ্ঠানে কার কর্তৃত্ব থাকবে এ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে নাসিমকে খুন করা হয় বলে জানান ওসি।
আজিজ আহমেদ বলেন, পাঁচজনের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। নতুন করে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়নি। প্রয়োজনে তাঁদের আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার বিষয়ে পুলিশকে তথ্য দিলেও কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পলাতক সোহানসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।