বিদায় জানাতে গিয়ে চিরবিদায় দাদি-নাতনির
বিলুপ্ত ছিটমহলের পরিচিত অনেকেই নাগরিকত্ব নিয়ে গতকাল সোমবার চলে গেছেন ভারতে। তাঁদের বিদায় জানাতে আট বছরের নাতনি সুরাইয়া আক্তারকে নিয়ে সীমান্তে ছুটে আসেন কোহিনূর বেগম। কিন্তু সেই পরিচিতদের সঙ্গে আর দেখা হলো না তাঁদের। ভারতগামীদের গাড়িবহরের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে দাদি–নাতনি।
গতকাল বেলা আড়াইটার দিকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে ঘটে এই দুর্ঘটনা। কোহিনূর (৬৫) একই উপজেলার বিওপি বাজার প্রামাণিকপাড়ার ভ্যানচালক বুধারু মামুদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের ১৪৭ জন চিলাহাটি সীমান্ত হয়ে ভারত যাচ্ছিলেন। একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানে যাচ্ছিলেন কোহিনূর। পথে ভ্যান থেকে ছিটকে পড়ে ভারতগামীদের গাড়িবহরের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর অবস্থায় সুরাইয়াকে চিলাহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।