বিদায় নিক ২০১৩
আজ মধ্যরাতে যখন ঘড়ির দুটো কাঁটা একত্র হবে, তার পরের মুহূর্তটিই জন্ম দেবে এক নতুন বছর। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির ২০১৩-এর বদলে ২০১৪ কে বরণ করে নেবে পৃথিবীবাসী।
কবি শামসুর রাহমানের কবিতায় পাই, ‘আমরা যখন ঘড়ির দুটো কাঁটার মতো/ মিলি রাতের গভীর যামে/ তখন জানি ইতিহাসের ঘুরছে চাকা/ পড়ছে বোমা ভিয়েতনামে।’ এই কবিতাটিকে একটু বদলে বলা যায়, তখন হয়তো পেট্রলবোমায় পোড়া মানুষগুলো কাতরাচ্ছেন বার্ন ইউনিটে, ককটেলে উড়ে যাওয়া চোখ দিয়ে জল গড়ছে কোনো শিশুর, এই বাংলাদেশে।
২০১৩-এর মতো মৃত্যুদীর্ণ, আগুনে পোড়া, বোমায় ধ্বস্ত, শোকাতুর, লন্ডভন্ড বছর স্বাধীন বাংলাদেশে আর এসেছে কি না, সন্দেহ। ১৩-কে কেউ কেউ মনে করেন দুর্ভাগ্যের প্রতীক, বাংলাদেশে ২০১৩ সত্যিই সুখবরের চেয়ে দুঃসংবাদের জন্ম দিয়েছে বেশি। ৭ অনেক সমাজে সৌভাগ্যের সংখ্যা বলে গণ্য, ১৪ হলো ৭-এর গুণিতক, সেদিক থেকে আমরা নতুন আশায় বুক বাঁধব, ২০১৩-এর বাকি প্রহরগুলো ভালোয়-ভালোয় চলে যাক, দ্রুত, আমাদের জন্য সৌভাগ্যের পসরা নিয়ে আসুক ২০১৪।
রানা প্লাজা দুর্ঘটনা থেকে মৌলবাদী গোষ্ঠীর নাশকতা, প্রলয়ংকরী তাণ্ডব, রাজনৈতিক সহিংসতা, পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ১২৮ জন, এক হিসাবে প্রকাশ। দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছেন বিবদমান দুই জোটের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। হরতাল-অবরোধে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, অফিস-আদালত, কাজকর্ম, লেখাপড়া, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে যোগাযোগব্যবস্থা ছিল বিপর্যস্ত। লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি কাগজে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ‘আমরা মারা যাচ্ছি; কারণ দেশের এই পরিস্থিতিতে কোনো অনুষ্ঠানও হতে পারছে না।’ একই অবস্থা প্রায় সব শ্রেণী-পেশার মানুষেরই।
অথচ কী সুন্দরভাবেই না এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ব্যক্তি মানুষের নিজের চেষ্টায় কিংবা সরকার, ব্যক্তিগত উদ্যোগ, বেসরকারি সংগঠন, প্রবাসী শ্রমিকদের অবদান, আর কৃষক-শ্রমিক সাধারণ মানুষের নানামুখী তৎপরতায় ‘ইমার্জিং টাইগার’ বাংলাদেশের এগিয়ে চলার তারিফ করছিল পৃথিবী। শাহবাগে গণজাগরণ মঞ্চ কিছুটা আশার সঞ্চার করেছিল, গতানুগতিক রাজনীতির বাইরে তরুণদের নিজস্ব কণ্ঠস্বর তৈরির একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, রাজনৈতিক হস্তক্ষেপ আর মৌলবাদী অপপ্রচারের কারণে তা কেবল সম্ভাবনার ঝিলিকমাত্রই হয়ে রইল। মানবতাবিরোধী অপরাধের রায় হতে শুরু করেছে, একজন কুখ্যাত যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকরও হয়েছে, তবে মৌলবাদী চক্রের সহিংস প্রতিক্রিয়া দেশের মানুষকে স্বস্তি পেতে দেয়নি।
২০১৩ দুই জোটের বিবাদের মাধ্যমে মানুষের জীবনকে তছনছ করেছে, ২০১৪ শান্তি আনুক। আপাতত তার কোনো সম্ভাবনাও নেই। কারণ, আসন্ন একতরফা নির্বাচন সমস্যার কোনো সমাধান নয়। সমাধানে পৌঁছাতে হলে যে মতৈক্য লাগবে, তাতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকেই ছাড় দিতে হবে, আজ পর্যন্ত তার কোনো লক্ষণ নেই।
তবু সূর্য উঠবে। লাঙল কাঁধে কিংবা পাওয়ার টিলার নিয়ে কৃষক খেতে যাবেন এবং এবার ফসলের দাম পাননি বলেই তিনি ২০১৪-তে চাষ করবেন না, তা নয়। কাজ করে যাবেন শ্রমিক, পেশাজীবী, প্রবাসী, সব পেশার মানুষ। সাধারণ মানুষের উদ্যোগেই আবারও আলোকিত কর্মমুখর দিন ফিরে আসবে সামনের বছরে, নিশ্চয়ই।
শামসুর রাহমানের ভাষাতেই বলতে হবে, ঘাতক তুমি সরে দাঁড়াও, এবার আমি লাশ নেব না... জীবন থেকে সোনার মেডেল শিউলিফোটা সকাল নেব। ২০১৪ বাংলাদেশে এনে দিক শিউলিফোটা সকাল।