বিদায় নয়, দেখা না হওয়ার কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে কাঁটাতারের বেড়া দুই দেশের মানুষকে আলাদা করে রেখেছে। কিন্তু দুটি ভিন্ন ভৌগোলিক সীমারেখা আলাদা করতে পারেনি মানুষের হূদয়ের টান। এ টানেই মানুষ ছুটে যায় কাঁটাতারের বেড়ার কাছে, সুযোগ পেলেই মিশে যায় একে অন্যের সঙ্গে। পেতে চায় মায়া-মমতা, স্বজনদের সান্নিধ্য।ঠাকুগাঁওয়ের হরিপুর উপজেলার গোবিন্দপুর কুলিক নদের পারে ঐতিহ্যবাহী পাথরকালি মেলা উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে যুগ যুগ ধরে দুই বাংলার হাজারো মানুষ স্বজনদের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করে আসছে। গত শুক্রবারও এ ধরনের একটি মিলনমেলা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় এবার তা হতে পারেনি। তাই এবার স্বজনদের সঙ্গে দেখা হওয়ার পর বিদায়ের সময় নয়, দেখা না হওয়ার কান্নাই কাঁদতে হয়েছে তাদের।এলাকাবাসী জানায়, কয়েক যুগ ধরে হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের কুলিক নদের ধারে কালীপূজার আয়োজন করছে হিন্দুধর্মাবলম্বীরা। কালীপূজার পরের শুক্রবার ওই এলাকায় বসে পাথরকালির মেলা। মেলাকে ঘিরে এক দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়। দুই বাংলার মানুষ আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে। এবার স্থানীয় জনপ্রতিনিধিরা এ উদ্যোগ নিলেও বিএসএফের অনুমতি না পাওয়ায় আয়োজন করা যায়নি মেলার।গোবিন্দপুর সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেছে, সকাল নয়টা থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে বাংলাদেশের কয়েক হাজার মানুষ ভারতীয় আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে ভিড় করে কুলিক নদের পাশের পাথরকালি মেলায়। তারা মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র কেনে। মুঠোফোনে চলছিল ভারতীয় আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ। কথা হচ্ছিল কে কি রঙের কাপড় পরে আসছে। বেলা ১১টা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষায় থাকা মানুষগুলোর হতাশা বেড়ে যায়। অনেকে নদী পেরিয়ে চলে যায় শূন্যরেখায়। বেলা দুইটার দিকে বিএসএফের অনুমতি না পেয়ে অপেক্ষায় থাকা অনেক মানুষ বিডিআরের বাধা অমান্য করে নদীতে ঝাঁপিয়ে পড়ে কাঁটাতারের বেড়ার পাশে যেতে শুরু করে, কিন্তু বিএসএফের বাধায় তারা আবার ফিরে আসে। এভাবে চলে কয়েক ঘণ্টা। অবশেষে বাধা উপেক্ষা করে শত শত মানুষ কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে জড়ো হয়। কিন্তু বিএসএফের জওয়ানরা তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়।রানীশংকৈল উপজেলার ভুকুরগাঁও থেকে আসা নুরেশা বেগম (৭৫) জানান, গত মাসে তাঁর নাতনির বিয়ে হয়েছে। তাঁরা ভারতের হেমতাবাদ থানার বৃষ্ণাপুরে থাকেন। দাদিকে দেখতে নাতজামাইয়ের ইচ্ছা হয়েছে। তাঁর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। তাই সব বাধা উপেক্ষা করে তিনি নাতনি ও তাঁর জামাইকে দেখতে এখানে এসেছেন।এদিকে দুপুর থেকে কাঁটাতারের বেড়ার ওপারে ভিড় জমাতে শুরু করে ভারতীয় নাগরিকেরা। সে সময় বাংলাদেশের এপারে অপেক্ষায় থাকা মানুষজন দৌড়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের জওয়ানরা তাদের দিকে রাইফেল তাক করে ধরে। ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়।ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, হরিপুর উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল। এ কারণে দেশ বিভাগের পর আত্মীয়স্বজনেরা দুই দেশে ছড়িয়ে পড়ে। সারা বছর তারা দেখা-সাক্ষাৎ করতে পারে না। অপেক্ষায় থাকে এই দুই দিনের। কিন্তু বিএসএফের অনুমতি না পাওয়ায় এবার তা সম্ভব হলো না।