বিদায় সংবর্ধনার পর সত্যপ্রিয়র চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যপ্রিয় দাস
সত্যপ্রিয় দাস

দুদিন আগে গত মঙ্গলবার অর্থনীতি বিভাগ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় সত্যপ্রিয় দাসসহ তাঁর সহপাঠীদের। আগামী ১১ জুলাই চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কে জানত কলেজ থেকে বিদায় নেওয়ার পর পৃথিবী থেকেই চিরবিদায় নেবেন সত্যপ্রিয়?
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র সত্যপ্রিয় (২৪)। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নগরের শুলকবহর এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিটি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল আলীম প্রথম আলোকে জানান, প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সব পরীক্ষায় সত্যপ্রিয়র ফল ভালো ছিল। তাঁর টিউশনির আয় দিয়ে সংসার চলত। তিনি বলেন, ‘এক বছর আগে বাবা মারা যাওয়ার পর একবার অন্ধকার নেমে এসেছিল পরিবারটিতে। এখন সত্যপ্রিয়র মৃত্যুতে আবারও অন্ধকার নেমে এল পরিবারটিতে।’
এর আগে গত শনিবার চট্টগ্রামের সিটিগেট এলাকায় ট্রাকচাপায় মারা যান উত্তর কাট্টলীর মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের দুই ছাত্র।
সত্যপ্রিয়র বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা গ্রামে। তাঁর মামা হারাধন দাস জানান, ২০১৪ সালে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মারা যান সত্যপ্রিয়র বাবা স্বপন দাস। দুই ভাই ও এক বোনের মধ্যে সত্যপ্রিয় সবার বড়। শুলকবহর এলাকায় বন্ধুদের নিয়ে মেসে থাকতেন তিনি। ছোট ভাই শিপু দাস গ্রামের একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। তাঁর টিউশনির আয়েই সংসার চলত। বোন চয়নিকা দাসের বিয়ে হয়েছে।
সত্যপ্রিয়র সঙ্গে একই মেসে থাকেন সহপাঠী অরিন্দম ধর। তিনি বলেন, ‘টিউশনিতে যাওয়ার জন্য মেস থেকে সাড়ে আটটার দিকে দুজন একসঙ্গে বের হয়েছিলাম। আমার টিউশনি ছিল পাশের এলাকায়। তার (সত্যপ্রিয়) ছিল চকবাজারে। কিছুক্ষণের মধ্যেই বন্ধুকে হারাতে হবে, তা এখনো বিশ্বাস হচ্ছে না।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আলী জাকের বলেন, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক (রং সাইড) থেকে আসা একটি মিনি ট্রাক সত্যপ্রিয়কে ধাক্কা দেয়। ট্রাকের চাকার নিচে চাপা পড়ে মাথা থেঁতলে যায় তাঁর।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী উদ্দিন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও সহকারী রাজীব দাসকে আটক করা হয়েছে।
সত্যপ্রিয়র মৃত্যুর খবর পেয়ে সিটি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ভিড় জমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। সহপাঠীর মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে মর্গের পাশের রাস্তায় বিক্ষোভ করেন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরে মর্গের পাশে প্রবর্তক মোড়ের চারপাশের সড়ক অবরোধ প্রায় ২০ মিনিট অবরোধ করেন। এ সময় তাঁরা দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে পুলিশ এক দিনের মধ্যে ট্রাকচালক ও মালিককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রবর্তক মোড়ের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্ট যানজট ছড়িয়ে পড়ে পাশের দুই নম্বর গেট, পাঁচলাইশ থানার মোড়, জিইসি মোড়, মেহেদীবাগ, চমেক হাসপাতালের পূর্ব গেট পর্যন্ত। এতে চরম দুর্ভোগে পড়েন প্রবর্তক মোড়ের আশপাশের হাসপাতালে আসা রোগী, স্বজন ও যাত্রীরা।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে যখন সত্যপ্রিয়র মরদেহ বুঝিয়ে দেওয়া হয়, তখনো হাসপাতালের মর্গে এসে পৌঁছাতে পারেননি মা শীলা দাস। ছেলের দুর্ঘটনার সংবাদ পেয়ে সকালেই মহেশখালী থেকে রওনা দিয়েছিলেন। গতকাল তিনটার দিকে চট্টগ্রাম নগরে এসে পৌঁছান তিনি। এসেই সোজা চলে যান ফিরিঙ্গিবাজারের অভয় মিত্র ঘাটে। সেখানেই শেষ দেখা মা আর ছেলের। সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশের। সে পরিবেশেই গতকাল বিকেলে সত্যপ্রিয়কে শেষ বিদায় জানান আত্মীয়স্বজন, সহপাঠী ও শিক্ষকেরা।