বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ জিয়া উদিদন আহমদের বিরুদ্ধে নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, কলেজ তহবিলের টাকা নয়-ছয়, পুকুরের মাছ বিক্রি এবং কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কর্মজীবন শেষ হওয়ার আগ মুহূর্তে অধ্যক্ষ এসব অপকর্ম করেন বলে কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারী অভিযোগ করেছেন। তবে অধ্যক্ষ সব অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার ওই অধ্যক্ষ অবসরে গেছেন।
চলতি বছরের ৯ জুলাই কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক জিয়া উদিদন আহমদ অধ্যক্ষ পদে যোগ দেন। কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারী অভিযোগ করেন, যোগ দেওয়ার পর থেকেই তিনি কলেজে নানা ধরনের অনিয়ম শুরু করেন। তাঁর অশোভন আচরণের কারণে কলেজের দুটি বিভাগের দুজন নারী প্রভাষক গত অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকায় বদলি হয়ে যান। গত ১৮ সেপ্টেম্বর তিনি নিজ দপ্তরে মাস্টাররোলে এক নারীকে এমএলএসএস পদে নিয়োগ দেন। এরপর অধ্যক্ষ তাঁর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২২ ডিসেম্বর জিয়া উদিদন আহমদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক থাকার পরও কোনো ধরনের কম্পিউটার জ্ঞান না থাকা সত্ত্বেও এক নারীকে ওই পদে অস্থায়ী নিয়োগ দেন। কলেজের বেসরকারি নিয়োগ কমিটির দুই সদস্য এতে আপত্তি জানান। এতে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ নিয়োগ কমিটির এক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কলেজের একমাত্র পুকুরের পানি যন্ত্র দিয়ে নিষ্কাশন করে ১০ মণ মাছ বিক্রি করেন অধ্যক্ষ। মাছ বিক্রির ওই অর্থ কলেজ তহবিলে জমা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষক-কর্মচারীরা আরও অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে কোনো ম্যাগাজিন প্রকাশ না করেই ম্যাগাজিন তহবিল থেকে এক লাখ ১২ হাজার ৫২৯ টাকা উত্তোলন করেন অধ্যক্ষ। এ ছাড়া উন্নয়মূলক কোনো কাজ না করেই কলেজ উন্নয়ন তহবিল থেকে তিনি মোট তিন লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা উত্তোলন করেন।
এসব ব্যাপারে জিয়া উদিদন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগই ভিত্তিহীন।’ সব অভিযোগ আলাদা উপস্থাপন করা হলে তিনি বলেন, ‘বলছি তো, সব ভিত্তিহীন।’